কুমিল্লার দাউদকান্দিতে সকালে হাঁটতে বেরিয়ে অজ্ঞাত গাড়ির চাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর ইউনিয়নের হরিপুর মসজিদের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন দাউদকান্দি উপজেলার জিংলাতলী গ্রামের মরহুম খলিলুর রহমানের ছেলে নজরুল ইসলাম (৬২) ও তার স্ত্রী ঝরনা বেগম (৪৮)।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ফজরের নামাজ আদায় করে সকালে হাঁটতে বের হন তারা। হাঁটতে হাঁটতে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হরিপুর এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাত গাড়ি তাদের চাপা দিয়ে চলে যায়। এতে তারা ছিটকে মহাসড়কের পাশে পড়ে যান। প্রায় এক ঘণ্টা পর অন্য পথচারীরা তাদের রাস্তার পাশে পড়ে থাকতে দেখে উদ্ধার করেন। পরে তাদের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন। পরে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমলাল দাস বলেন, ‘অজ্ঞাত গাড়ির চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যুর খবর তিনি পেয়েছেন। মহাসড়কের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে গাড়িটি শনাক্তের চেষ্টা করা হবে।’
