শারদীয় দুর্গাপূজার চতুর্থ দিন, মহানবমী আজ। এ দিন থেকে দেবীর বিদায় ঘণ্টা শুরু হয়। দশমীতে কৈলাশে ফিরে যাবেন দেবী দুর্গা।
নবমীর সন্ধ্যায় দেবীদুর্গার ‘মহাআরতি’ করা হয়। মূলত ‘সন্ধিপূজা’ শেষ হলে শুরু হয় মহানবমী তিথি। এদিন বলিদান ও নবমী হোমের রীতি রয়েছে। এছাড়া, ১০৮টি নীলপদ্মে পূজা হবে দেবীদুর্গার। পূজা শেষে যথারীতি থাকবে অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণ এবং মণ্ডপে মণ্ডপে ভক্তদের মধ্যে বইবে বিষাদের সুর।
হিন্দুশাস্ত্র মতে, দুর্গা রুদ্ররূপ (মা কালী) ধারণ করে মহিষাসুর এবং তার তিন যোদ্ধা চন্ড, মুণ্ড এবং রক্তবিজকে হত্যা করেন। নবমী তিথি শুরুই হয় সন্ধিপূজা দিয়ে। সন্ধিপূজা হয় অষ্টমী তিথির শেষ ২৪ মিনিট ও নবমীর সূচনার প্রথম ২৪ মিনিট জুড়ে। মূলত দেবী চামুণ্ডার পূজা হয় এই সময়ে। ১০৮টি মাটির প্রদীপ জ্বালিয়ে ও ১০৮টি পদ্মফুল নিবেদন করা হয় দেবীর চরণে। আর ঠিক এই কারণে পূজার মন্ত্রেও সেই বিশেষত্ব উল্লেখ করা হয়েছে।
শনিবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় এ দুর্গোৎসবের বিজয়া দশমীতে বুধবার (২১ অক্টোবর) প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব।
