নারায়ণগঞ্জের পূর্বাচলে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের আরও এক আরোহী গুরুতর আহত হয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে উপজেলার পূর্বাচল ৩০০ ফিট এক্সপ্রেসওয়ের ভূঁইয়াবাড়ী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রূপগঞ্জ উপজেলার দিঘিরপাড় এলাকার আক্তার মিয়ার ছেলে রুদ্র মিয়া এবং বেল্লারটেক এলাকার কামালের ছেলে ইয়াছিন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাঘবের সিটি মার্কেট এলাকার জিল্লুরের ছেলে শ্রাবণ মিয়া।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন।
ওসি জানান, তিন বন্ধু একটি নিবন্ধনহীন মোটরসাইকেলে করে পূর্বাচল এলাকায় ঘুরতে বের হয়েছিলেন। একপর্যায়ে তারা ভূঁইয়াবাড়ী ব্রিজের পশ্চিম পাশে সার্ভিস লেন দিয়ে উল্টো পথে যাওয়ার সময় অজ্ঞাতনামা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইয়াছিন ও রুদ্র নিহত হন। এ সময় শ্রাবণ মিয়া গুরুতর আহত হন।
ওসি আরো জানান, দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যান। এ ঘটনায় জড়িত ট্রাক ও চালককে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে হচ্ছে।
