জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলার মালিদহ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে পাঁচবিবি থানায় মামলা করেছেন।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. আজিজুল ইসলাম (৩২)। তিনি মালিদহ গ্রামের মো. ছলিম উদ্দীনের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে বাড়ির সামনে আজিজুল ইসলামের সাত বছর বয়সী মেয়ের সঙ্গে খেলছিল শিশুটি। এ সময় আজিজুল নিজের মেয়েকে দোকানে পাঠিয়ে শিশুটিকে কৌশলে শয়নকক্ষে নিয়ে যান এবং সেখানে তার সঙ্গে যৌন নিপীড়নের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে শিশুটি চিৎকার করে সেখান থেকে পালিয়ে বাড়িতে চলে যায়।
পরে শিশুটির মা ও স্থানীয় লোকজন অভিযুক্তের বাড়িতে গিয়ে ঘটনার বিষয়ে জানতে চান। এ সময় আজিজুল কোনো উত্তর না দিয়ে পালানোর চেষ্টা করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তামবিরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় শিশুটির পরিবার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছে।
এমএস/
