নিজস্ব প্রতিবেদক · ১৩ অক্টোবর, ২০২৬ ১০:৪৩ অপরাহ্ন
ফেসবুকে পোস্ট করা যুবক জুবায়ের
সিলেটের কোম্পানীগঞ্জে পাথরমহাল খোলার দাবি জানিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীকে উদ্দেশ্য করে ফেসবুকে পোস্ট দেওয়ার ঘটনায় জুবায়ের আহমদ নামের এক যুবককে থানায় ডেকে নিয়েছে পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে তাকে থানায় নেওয়া হয়। রাত ১০টা পর্যন্ত সে থানায় থাকার খবর পাওয়া পাওয়া গেছে।
তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ। জুবায়ের আহমদ উপজেলার কলাবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী। একই সঙ্গে তিনি কলাবাড়ি কিন্ডারগার্টেন নামে একটি প্রতিষ্ঠানে শিক্ষকতাও করছেন।
এদিকে ফেসবুক পোস্টকে দেওয়াকে কেন্দ্র করে উপজেলা বিএনপির দুই নেতা তাকে ডেকে এনে থানায় সোপর্দ করেন বলে অভিযোগ রয়েছে।
তবে বিষয়টি অস্বীকার করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর। তিনি বলেন, মন্ত্রীকে নিয়ে ওই যুবক ফেসবুকে একটি পোস্ট করেন। এ বিষয়টি দেখার জন্য ওসি সাহেব আমাদেরকে চাপ দেন। পরে আমরা বিষয়টি নিষ্পত্তি করার জন্য তাকে আত্মসমর্পণের জন্য থানায় ডেকে নেই। তার সাথে কোনো জুলম বা নির্যাতন করা হয়নি।’
জানা গেছে, গত শনিবার মন্ত্রীর ছবি দিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন জুবায়ের। পোস্টে তিনি লিখেন, ‘১২ তারিখ নির্বাচনের পর ১৩ তারিখ সবকিছু স্বাভাবিক হয়ে যাওয়ার কথা ছিল। অথচ কিছুই ঠিক হলো না। মন্ত্রী মহোদর আমাদের জীবন কঠিন থেকে কঠিনতম করে দিলেন।’
এ পোস্টের জের ধরে মঙ্গলবার জুবায়েরকে থানায় সোপর্দ করা হয় বলে অভিযোগ করেছেন স্থানীয় ব্যক্তিরা। তাদের অভিযোগ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর ও জ্যেষ্ঠ সহসভাপতি শওকত আলী বাবুল তাকে পুলিশের হাতে তুলে দেন।
তবে পুলিশ বলছে, পোস্টটি যাচাই ও জিজ্ঞাসাবাদের জন্য জুবায়েরকে থানায় আনা হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ উসমান গনি বলেন, ‘জুবায়েরকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। ফেসবুকে পোস্ট দেওয়ার ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এখন পর্যন্ত জুবায়ের আহমদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি।
গুগলে আমাদের খবর পেতে
