লেগো। কেবল শিশুরাই নয়, বড়রাও অনেকেই এর ভক্ত। রঙিন সব বিল্ডিং ব্লক। যাদের মধ্যে সন্নিহিত অযুত নিযুত সম্ভাবনা। অনায়াসেই লেগো দিয়ে বানিয়ে ফেলা যায় মিনিয়েচার শহর, বিখ্যাত সব ল্যান্ডমার্ক, দারুণ মডেল… কত কী! কিন্তু জানেন কি বিশ্বের বৃহত্তম লেগোল্যান্ড থিম পার্কে এলে আপনার সেই সব কল্পনা আরও নতুন নতুন সব পাখনা পাবে! এবার পুজোর ছুটিতে ঘুরেই আসতে পারেন এই পার্ক থেকে। তবে সেজন্য আপনাকে যেতে হবে চিনের সাংহাইয়ে।
গত বছরের ৫ জুলাই উদ্বোধন হয়েছে পার্কটির। ‘লেগোল্যান্ড রিসর্ট’ লেগো ভক্তদের কাছে সেই থেকে ‘স্বর্গরাজ্য’। সম্প্রতি একজন ট্রাভেল ভ্লগার ইনস্টাগ্রামে এই থিম পার্কের ভিতরের দৃশ্য শেয়ার করেছেন।
View this post on Instagram
মোট ৩ লক্ষ ১৮ হাজার বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত ‘লেগোল্যান্ড সাংহাই রিসোর্ট’-এ ‘নিনজাগো’, ‘লেগো ফ্রেন্ডস’ এবং ‘মঙ্কি কিড’-এর মতো আটটি ভিন্ন থিম-ভিত্তিক অঞ্চল রয়েছে। এই রিসর্টে ৭৫টি ইন্টারঅ্যাক্টিভ রাইড ও আকর্ষণীয় বিনোদনের ব্যবস্থা রয়েছে। আর এর ভিতরেই রয়েছে ২৫০টি কক্ষবিশিষ্ট একটি ‘লেগো হোটেল’ও! মজার হল, এই পার্কে রয়েছে সাংহাইয়ের গগনচুম্বী সব অট্টালিকার মতো দৃশ্যপট। যা তৈরি হয়েছে ৮ কোটি ৫০ লাখেরও বেশি লেগো ব্রিক বা ব্লক দিয়ে। লুজিয়াজুই অঞ্চলের যে নদীতীর, তার নিখুঁত ও ক্ষুদ্রাকৃতির প্রতিরূপও তুলে ধরা হয়েছে এখানে। মনে রাখতে হবে, এখানকার প্রতিটি কাঠামোই সম্পূর্ণভাবে রঙিন প্লাস্টিকের ব্লক দিয়ে তৈরি।
উদ্বোধনের আগে সাংহাই ইয়াহেং ইন্টারন্যাশনাল ট্রাভেল-এর সিইও লি ওয়েনজি এক বিবৃতিতে বলেছিলেন, “এটা এক বিশ্বমানের বিনোদন কেন্দ্র হবে, যা সাংহাইয়ের পর্যটন শিল্পকে আরও সমৃদ্ধ করবে। শহরের ডিজনিল্যান্ড এবং হাইচাং ওশান পার্কের সঙ্গে লেগোল্যান্ড রিসোর্টের এই সমন্বয় পর্যটকদের এমন সব আনন্দদায়ক ও অনন্য অভিজ্ঞতা উপহার দেবে, যা চিনের অন্য কোনো শহরে পাওয়া সম্ভব নয়।” তাঁর সেই কথা ফলে গিয়েছে। অতএব এই শহরে এসে এই অপূর্ব পার্কে ঘুরে বেড়ানোর পরিকল্পনা করতেই পারেন। কোনও সন্দেহ নেই, আপনার সন্তানের মতোই মুগ্ধ হবেন আপনারাও।
