কালবেলা · খেলাধুলা
ক্যানসারের সঙ্গে যুদ্ধে হার মানলেন ফেনীর ক্রিকেটার হৃদয়
২৪/১০/২০২৬

ফেনীর ক্রিকেটার ও চট্টগ্রাম বিভাগীয় দলের খেলোয়াড় মেহেদী হাসান হৃদয় ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টা ৪০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
পারিবারিক সূত্রে জানা যায়, ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের মধুয়াই গ্রামের দুলামিয়া হাজি বাড়ির বাসিন্দা হৃদয়। তার বাবা আবুল কাশেম স্থানীয় বিএনপির নেতা। ছয় মাস আগে ক্যানসার আক্রান্ত হওয়ার পর থেকে রাজধানীর পিজি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন হৃদয়।
মেধাবী শিক্ষার্থী ও ক্রিকেটার ছেলেকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করেছেন আবুল কাশেম। ছেলের অসুস্থতার পর বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নেন তিনি। পরে উন্নত চিকিৎসার জন্য হৃদয়কে ঢাকায় নেওয়া হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পিজি হাসপাতালে তার চিকিৎসা চলছিল।
হৃদয়ের বাবা আবুল কাশেম জানান, ছেলেকে সুস্থ করে তুলতে তিনি সাধ্যমতো সব চেষ্টা করেছেন। শেষ মুহূর্ত পর্যন্ত ছেলের চিকিৎসার জন্য হাসপাতালে ছিলেন তিনি।
ক্রিকেটের মাঠে নিজের প্রতিভার স্বাক্ষর রাখা হৃদয়ের স্বপ্ন ছিল জাতীয় দলে খেলা। তবে সেই স্বপ্ন পূরণের আগেই না ফেরার দেশে চলে গেলেন এই তরুণ ক্রিকেটার।
মূল প্রতিবেদনে যান ↗