বান্দরবানে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সপ্তাহব্যাপী নানা আয়োজন
বান্দরবান প্রতিনিধি
- আপডেট সময় : ১০:৪৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বান্দরবানে সপ্তাহব্যাপী নানা আয়োজন করা হয়েছে। ২১ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি থাকছে হ্যান্ডবল টুর্নামেন্ট, ম্যারাথন দৌড়, মঙ্গল রথযাত্রা, ফানুস উত্তোলন ও পিঠা তৈরির উৎসব।
বৃহস্পতিবার সকালে বান্দরবান প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির কথা জানান উৎসব উদ্যাপন পরিষদের সভাপতি চনু মং মারমা।
তিনি জানান, ২১ অক্টোবর হ্যান্ডবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। আগামী ২৪ অক্টোবর অনুষ্ঠিত হবে এর ফাইনাল। ২৫ অক্টোবর ভোরে ক্যাম্পলং থেকে পুরাতন রাজবাড়ি মাঠ পর্যন্ত ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
২৬ অক্টোবর পুরাতন রাজবাড়ি প্রাঙ্গণ থেকে শুরু হবে মঙ্গল রথযাত্রা। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উজানীপাড়া খেয়াঘাটে সাংগু নদীতে রথ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এ আয়োজন।
উৎসবের শেষ দিন ২৭ অক্টোবর রাজগুরু বৌদ্ধবিহার প্রাঙ্গণে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন ও চুলামণি জাদির উদ্দেশে ফানুস উত্তোলন করা হবে। একই দিন বিভিন্ন পাড়ার অংশগ্রহণে আয়োজন করা হবে পাড়াভিত্তিক পিঠা তৈরির উৎসব।
আয়োজকেরা জানান, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে প্রবারণা পূর্ণিমা উদ্যাপনের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন দৃঢ় করাই এসব কর্মসূচির মূল লক্ষ্য।
সংবাদ সম্মেলনে উৎসব উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক উক্যসিং এবং নির্বাহী সম্পাদক কি কিউ মারমাসহ উদ্যাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরাও উপস্থিত ছিলেন।
