ধামরাইয়ে ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজে মালপত্র ও নগদ টাকা লুটের ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। ঘটনার প্রায় দেড় মাসের মাথায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁয়ে অভিযান চালিয়ে সংঘবদ্ধ ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত তিনটি অটোরিকশা ও ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ ভ্যান।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর ভোররাতে সুতিপাডাঁ ইউনিয়নের ছোট কালামপুর এলাকায় বিল্লাল হোসেনের অটোরিকশার গ্যারেজে ডাকাতির ঘটনা ঘটে। মুখোশধারী ৮-৯ জনের সশস্ত্র ডাকাত দল পাহারাদার মুজিবর রহমানকে অস্ত্রের মুখে জিম্মি ও পরে হাত-পা বেঁধে মেরে ফেলার ভয় দেখায়। এরপর তারা চারটি ইজিবাইক, ২৭টি ব্যাটারি, সিসিটিভির ডিভিআর মেশিন ও নগদসহ মোট প্রায় ১১ লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়। এ ঘটনায় পরদিন থানায় মামলা করা হয়। মামলার তদন্তভার পান এসআই এসএম কাওছার সুলতান। তথ্যপ্রযুক্তির সহায়তায় গত শুক্রবার সিদ্ধিরগঞ্জের কদমতলী খালপাড় এলাকায় অভিযান চালিয়ে চক্রের মূল হোতা সোহেল (৩০) ও ইমাম হোসেন শাওনকে (৩২) গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যমতে, লুণ্ঠিত তিনটি অটোরিকশা উদ্ধার করা হয়। পরবর্তীতে আসামিদের তথ্যের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থেকে চক্রের সদস্য সবুজ (২৯) ও সোনারগাঁয়ের কাচপুর থেকে হাবিবুর রহমান ওরফে রনিকে (২৬) গ্রেপ্তার করা হয়। রনির স্বীকারোক্তি অনুযায়ী ডাকাতিতে ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করা হয়। এ বিষয়ে ওসি নাজমুল হুদা খান জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ ও পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।