শ্বাসকষ্টজনিত অসুস্থতার কারণে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলুকে রাজধানীর জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় নোয়াখালী থেকে স্থানান্তরিত করে তাকে ঢাকায় আনা হয়। তার দ্রুত সুস্থতা কামনা করে পরিবার ও দলীয় নেতাকর্মীদের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
দলীয় সূত্র ও স্বজনেরা জানান, গত শুক্রবার রাতে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে বরকত উল্লাহ বুলুকে নোয়াখালী জেলা শহর মাইজদীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। পরে শনিবার রাতে চিকিৎসকদের পরামর্শে দ্রুত তাকে ঢাকায় রেফার করা হয়। বর্তমানে তিনি জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন।
বিজ্ঞাপন
নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো খবরের সত্যতা নিশ্চিত করে জানান, বরকত উল্লাহ বুলুর শারীরিক পরিস্থিতির অবনতি হলে নোয়াখালী থেকে শনিবার দিবাগত রাতে ঢাকায় স্থানান্তর করা হয়। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।
এদিকে বরকত উল্লাহ বুলুর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়ার আবেদন জানিয়েছেন তার বড় ছেলে ওমর শরীফ মো. ইমরান সানিয়াত। এছাড়া নোয়াখালী জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষে জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ আজাদ, চৌমুহনী পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন, বেগমগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোরশেদুল আমিন ফয়সালসহ স্থানীয় নেতৃবৃন্দও বুলুর আরোগ্য কামনায় দোয়া চেয়েছেন।
