দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালিত হওয়াতে সরকারের বিন্দুমাত্র ক্রেডিট নেই বলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম যে মন্তব্য করেছেন তার কড়া সমালোচনা করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। সরকারের স্পষ্ট সাফল্যকে অস্বীকার করা সংকীর্ণ মানসিকতারই বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন তিনি।
আজ শনিবার নিজের ভ্যারিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ সমালোচনা করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক।
নাছির উদ্দীন নাছির লেখেন,‘প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বে চলতি বছর সারাদেশে অভূতপূর্ব নিরাপত্তা ও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হয়েছে। অসাম্প্রদায়িক সম্প্রীতি ও সুষ্ঠু আইনশৃঙ্খলার এই সাফল্য আজ দেশ-বিদেশে সর্বজনবিদিত এবং প্রশংসিত। অথচ অত্যন্ত দুঃখের বিষয়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম মন্তব্য করেছেন, ‘দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালিত হওয়াতে সরকারের বিন্দুমাত্র ক্রেডিট নেই’। একটি দায়িত্বশীল রাজনৈতিক অবস্থান থেকে সরকারের স্পষ্ট সাফল্যকে এভাবে অস্বীকার করা সংকীর্ণ ও হীন মানসিকতারই বহিঃপ্রকাশ।’
তিনি লেখেন, ‘জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশের মানুষ যখন এক নতুন ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতির প্রত্যাশা করছে, যেখানে বিএনপি সরকার বিরোধী দলের প্রতিটি যৌক্তিক মতামতের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে; সেখানে বিরোধী রাজনীতির এমন সংকীর্ণ দৃষ্টিভঙ্গি ও দায়িত্বহীন মন্তব্য জনআকাঙ্ক্ষা ও রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী।’
নাছির উদ্দীন নাছির লেখেন, ‘সরকারের সাফল্যকে স্বীকৃতি দেওয়া এবং ভুলত্রুটি নিয়ে যৌক্তিক সমালোচনা করাই হলো আধুনিক ও গঠনমূলক রাজনীতির সৌন্দর্য। জুলাই গণঅভ্যুত্থানের পর দেশে কেবল সরকারি দলের রাজনীতিতেই নয়, বিরোধী দলের রাজনীতিতেও ইতিবাচক পরিবর্তনের হাওয়া বইবে,এমনটাই সবার প্রত্যাশা। তাই কেবল বিরোধিতার খাতিরে বিরোধিতা করার পুরোনো ধারা থেকে বেরিয়ে এসে আমি বিরোধী দলকে অন্ধ বিরোধিতার এই সংকীর্ণ রাজনীতি পরিহার করে নতুন বাংলাদেশ গড়ার এই যাত্রায় আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানাই। সবার আগে বাংলাদেশ!’
