জেলা প্রতিনিধি
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে সিএনজি, পিকআপ ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর সদর উপজেলার মহামায়া এলাকার মান্দারী কামাল মিজি বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চাঁদপুরের কচুয়া উপজেলার ফতেহপুর এলাকার মৃত ওমর আলীর ছেলে মোহর আলী (৬০) এবং সিএনজিচালক কবির মাল।
স্থানীয়দের বরাতে জানা যায়, চাঁদপুর থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি হাজীগঞ্জের দিকে যাচ্ছিল। পথে সামনে থাকা একটি প্রাইভেটকার হঠাৎ জোরে ব্রেক করলে পেছন থেকে আসা সিএনজিটি সেটিকে ধাক্কা দেয়। এরপর সিএনজিটি একটি পিকআপের সামনে গিয়ে পড়ে।
এ সময় সিএনজিচালক ও যাত্রীরা সড়কে পড়ে গিয়ে চারজন আহত হন। তাঁদের মধ্যে যাত্রী মোহর আলী ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক সিএনজিচালক কবির মালকে মৃত ঘোষণা করেন। আহত আরও দুজন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
