পরিবেশ সুরক্ষায় শুধু বড় বড় উদ্যোগের ওপর নির্ভর না করে ছোট ছোট সৃজনশীল উদ্যোগ নিয়েও সমাজ পরিবর্তনে ভূমিকা রাখা সম্ভব বলে মন্তব্য করেছেন ঢাকার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম।
তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করা না গেলে বাংলাদেশের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে।
তাই তরুণ প্রজন্মের প্রযুক্তিগত দক্ষতা, মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে পরিবেশ সুরক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ভবনের ২ নম্বর গ্যালারিতে পাঁচ দিনব্যাপী জাতীয় পরিবেশবিষয়ক আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা ‘ওয়েভস অব লাইফ’ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফরিদা খানম বলেন, রাষ্ট্রের বড় বড় উদ্যোগই শুধু সমাজ পরিবর্তনে ভূমিকা রাখে না। ছোট ছোট চিন্তা ও সৃজনশীল কাজও মানুষের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে।
সমাজে অনেক সংকট রয়েছে, যা সবসময় আমাদের চোখে পড়ে না। সেসব সংকট চিহ্নিত করতে পারলে সমাধানের পথ তৈরি করা সম্ভব।
নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, সাভার পৌরসভার একটি বিশাল ডাম্পিং ইয়ার্ডের ময়লা অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছিল। সেখানে প্রায় ৩০ ফুট উঁচু ময়লার স্তূপ ছিল। ১ হাজার ট্রাকের মাধ্যমে প্রায় ১০ হাজার টন ময়লা সরানো হয়। পরে প্রধানমন্ত্রীকে আমি জানাই, যেখানে তিনি (প্রধানমন্ত্রী) দাঁড়িয়েছিলেন, সেখানকার ময়লা সরিয়েই জায়গাটি প্রস্তুত করা হয়েছে। এ উদ্যোগে প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন এবং পরিবেশ সুরক্ষায় অন্য জেলাগুলোকেও ভূমিকা রাখার আহ্বান জানান।
সমুদ্রদূষণের প্রসঙ্গ টেনে জেলা প্রশাসক বলেন, মানুষ নির্মল পরিবেশ ও বিশুদ্ধ বাতাসের আশায় সমুদ্রের কাছে ছুটে যায়। অথচ সেই সমুদ্রই নানা ধরনের দূষণের শিকার হচ্ছে। সমুদ্রের তলদেশের দূষণ ও সামুদ্রিক জীববৈচিত্র্যের সংকট আমাদের ভাবতে হবে। সমুদ্র, পাহাড়, নদী ও জলাশয় শুধু প্রকৃতির সৌন্দর্য বাড়ায় না; এগুলোর সঙ্গে মানুষের জীবন জীবিকা, খাদ্যনিরাপত্তা ও অর্থনৈতিক সম্পদও জড়িত।
তিনি বলেন, পরিবেশ রক্ষার দায়িত্ব সবার। এককভাবে কেউ পুরো সমাজ পরিবর্তন করতে না পারলেও সম্মিলিত উদ্যোগে বড় পরিবর্তন আনা সম্ভব। এজন্য প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।
তরুণদের উদ্দেশে ফরিদা খানম বলেন, আগামী দিনের বাংলাদেশের দায়িত্ব তরুণ প্রজন্মের হাতে। তাদের প্রযুক্তিগত দক্ষতা, ইতিবাচক চিন্তা, মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগাতে হবে। পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
ইউথফরওশান, ওয়াটারকিপার্স বাংলাদেশ ও মিশন গ্রিন বাংলাদেশের যৌথ উদ্যোগে গত ১৮ অক্টোবর শুরু হয় পাঁচ দিনব্যাপী ‘ওয়েভস অব লাইফ’ আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা। বাংলাদেশের সামুদ্রিক জীববৈচিত্র্য, জলজ জীবন-জীবিকা এবং পরিবেশগত সংকটকে আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।
প্রদর্শনীতে দেশজুড়ে সংগৃহীত নির্বাচিত আলোকচিত্র স্থান পায়। পাশাপাশি প্রকৃতি সংরক্ষণ, সামুদ্রিক বাস্তুতন্ত্র ও ফটোসাংবাদিকতার নৈতিকতা নিয়ে মতবিনিময় ও প্রশিক্ষণ সেশনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ওয়াটারকিপার্স বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর এবং ইউথফরওশানের মেন্টর ও উপদেষ্টা শরীফ জামিল, জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রাণী অধিকারকর্মী আদনান আজাদ এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাকুয়াকালচার বিভাগের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন।
এছাড়া বিচারক প্যানেলের সদস্য আলোকচিত্রী আবীর আবদুল্লাহ, পরিবেশকর্মী ও সম্পাদক ফয়সাল আহমেদ এবং সামুদ্রিক গবেষক মফিজ রহমান অনুষ্ঠানে অংশ নেন।
প্রতিযোগিতায় বিচারকদের মূল্যায়ন ও দর্শকদের সরাসরি ভোটের সমন্বয়ে ‘সামুদ্রিক জীববৈচিত্র্য’, ‘জলজ জীবন-জীবিকা ও উপকূলীয় দূষণ’ এবং ‘জ্বালানি ও পরিবেশ’ এই তিন বিভাগে সেরা আলোকচিত্রীদের ক্রেস্ট, সনদপত্র ও অর্থ পুরস্কার দেওয়া হয়।
