রাজশাহীতে ৩৮ হাজার ৯৭০ আখচাষিকে ১২ কোটি টাকা প্রণোদনা
রাজশাহী ব্যুরো
- আপডেট সময় : ০৭:০৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
রাজশাহী অঞ্চলের ৩৮ হাজার ৯৭০ আখচাষির জন্য ১২ কোটি টাকার কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর হাজী মুহাম্মদ মহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় কম্পিউটারে বোতাম চেপে কৃষকদের মোবাইল অ্যাকাউন্টে অর্থ পাঠানোর কার্যক্রম উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠানে ১৫ জন আখচাষির হাতে প্রতীকী চেক তুলে দেন প্রধানমন্ত্রী। তাঁদের মধ্যে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদও ছিলেন।
এদিকে, কৃষকদের পর্যায়ক্রমে ফার্মার কার্ড দেওয়ার উদ্যোগের কথাও তুলে ধরা হয়। এ কার্ডের মাধ্যমে কৃষকেরা ১০ ধরনের সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে আবহাওয়ার পূর্বাভাস, কৃষিপণ্যের বাজারদর, কৃষি উপকরণ, সরকারি ভর্তুকি ও প্রণোদনা, কৃষিঋণ, বীমা এবং কৃষিবিষয়ক বিভিন্ন তথ্য ও সেবা। আবহাওয়ার পূর্বাভাসের মাধ্যমে বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা সম্পর্কে আগাম তথ্য পেয়ে কৃষকেরা চাষাবাদের পরিকল্পনা করতে পারবেন।
প্রধানমন্ত্রী জানান, সারা দেশে বন্ধ হয়ে যাওয়া ছয়টি কলকারখানা পুনরায় চালু করা হয়েছে। এসব কারখানার মধ্যে রাজশাহীর একটি কারখানাও রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, কৃষি ও কৃষক বাঁচলে দেশ বাঁচবে। উত্তরাঞ্চল তথা রাজশাহী অঞ্চলের মানুষের বিএনপির প্রতি অনেক প্রত্যাশা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব প্রত্যাশা পূরণ করা হবে। নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতির অংশ হিসেবে কৃষকদের এ সহায়তা দেওয়া হচ্ছে।
জনসভা শেষে প্রধানমন্ত্রী রাজশাহী ধর্মসভা মন্দিরের দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।
