
লালমাইয়ে নবঘোষিত এনসিপির আহবায়ক কমিটি প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন
নিজেস্ব প্রতিবেদক
কুমিল্লার লালমাই উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবঘোষিত আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করেছেন দলটির সাবেক কমিটির নেতারা। নবগঠিত কমিটির আহ্বায়ককে সাবেক ছাত্রলীগ নেতা দাবি করে কমিটি গঠনপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। আগামী এক সপ্তাহের মধ্যে কমিটি বিলুপ্ত না হলে একযোগে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন নেতারা।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার বাগমারা বাজার গ্লোবাল টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন লালমাই উপজেলা এনসিপির সাবেক প্রধান সমন্বয়কারী গাজী হুমায়ূন কবির। সংবাদ সম্মেলনটি পরিচালনা করেন উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী আবুল কাশেম রিপন।
গাজী হুমায়ূন কবির বলেন,যেখানে কথা ছিল, আওয়ামী লীগের কেউ কমিটিতে আসতে পারবেন না, সেখানে নবগঠিত কমিটির আহ্বায়ক একজন সাবেক ছাত্রলীগের ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক। আমরা এ কমিটি ঘৃণাভরে প্রত্যাখ্যান করি।
তিনি আরও বলেন,আমরা ইতোমধ্যে এনসিপির কুমিল্লা দক্ষিণ জেলা কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবকে বিষয়টি অবহিত করেছি। আগামী এক সপ্তাহের মধ্যে এ কমিটি বিলুপ্ত করা না হলে, এক সপ্তাহ পর আমরা সবাই একযোগে এনসিপি থেকে পদত্যাগ করব।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন গাজী হুমায়ূন কবির। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আবুল কাসেম, সাবেক কমিটির সদস্য মো. আবদুল কুদ্দুস, মো. সামছুল হক ও আবদুল অহিদ। আরও উপস্থিত ছিলেন ছাত্রশক্তির নেতা মো. সাইমন, মো. আরিফুল ইসলাম, মো. বেলায়েত হোসেনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলনে বক্তারা নবঘোষিত কমিটি নিয়ে তাঁদের আপত্তির কথা তুলে ধরে কমিটি প্রত্যাখ্যানের অবস্থান পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে জেলা নেতৃত্বের কাছে বিষয়টি সমাধানের দাবি জানান তাঁরা।
ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি
