যে অজুহাতে মাঝপথেই বন্ধ করা হলো শিল্পা রাওয়ের পরিবেশনা!
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
মুম্বাইয়ে বলিউড মিউজিক প্রজেক্টের সংগীত উৎসবে গান পরিবেশনের মাঝপথে মঞ্চ থেকে সরিয়ে দেওয়া হয় জনপ্রিয় সংগীতশিল্পী শিল্পা রাওকে।
শনিবারের এ ঘটনায় হতাশা প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতির কথা জানিয়েছেন তিনি।
অন্যদিকে, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য শিল্পী, তার দল ও ভক্তদের কাছে ক্ষমা চেয়েছে আয়োজক কর্তৃপক্ষ। তবে তাদের দাবি, একের পর এক বিলম্ব এবং কারফিউ-সংক্রান্ত বিধিনিষেধের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়।
মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড গার্ডেনসে অনুষ্ঠিত এই সংগীত উৎসবে শিল্পা রাও ছাড়াও সংগীত পরিবেশনার কথা ছিল হিমেশ রেশমিয়া, হরিহরণ, অনু মালিক, শহিদ মালিয়া ও ইউফোরিয়াসহ একাধিক শিল্পীর। তবে শিল্পার পরিবেশনার সময়সূচিতে বিলম্ব দেখা দেয়। একপর্যায়ে তিনি গান গাওয়ার সময়ই মাইক্রোফোনের শব্দ বন্ধ করে দেওয়া হয়। এতে উপস্থিত দর্শকদের অনেকেই বিস্মিত হন।
পরিবেশনা থেমে যাওয়ার পর দর্শকদের ধৈর্য্য ধরে অপেক্ষা করার জন্য ধন্যবাদ জানাতে চেয়েছিলেন শিল্পা। কিন্তু তার বক্তব্যও শেষ করতে দেওয়া হয়নি। তিনি যখন মঞ্চে দাঁড়িয়ে ভক্তদের সঙ্গে কথা বলছিলেন, তখনই পরবর্তী শিল্পীর পরিবেশনা শুরু হয়ে যায়। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমেও সমালোচনা শুরু হয়।
শনিবার রাতে ইনস্টাগ্রামে একটি বিবৃতি দিয়ে নিজের কষ্টের কথা জানান শিল্পা রাও। তিনি লেখেন, ‘মুম্বাই, আজ রাতে আমার হৃদয়ের একটা ছোট্ট অংশ ভেঙে গেছে। এত সুন্দর একটি মুহূর্ত এভাবে আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে, তা গভীরভাবে কষ্ট দেয়।’
ভক্তদের ভালোবাসা ও সমর্থনের কথা উল্লেখ করে শিল্পা আরও লেখেন, ‘গান থেমে গেলেও তোমরা থামোনি। যেভাবে তোমরা বারবার আমার নাম ধরে ডাকছিলে, তোমাদের কণ্ঠে যে ভালোবাসা ছিল, তার সবটুকুই আমি অনুভব করতে পেরেছি। আজ রাতে আমাদের গল্পটা অসমাপ্ত রয়ে গেল। আমি কথা দিচ্ছি, আবার ফিরে আসব। মুম্বাই, তোমাদের ভালোবাসি—চিরকাল, অনন্তকাল।’
শিল্পার এই বক্তব্য থেকে স্পষ্ট, পরিবেশনা অসমাপ্ত থেকে যাওয়ার ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত হয়েছেন। একই সঙ্গে ভক্তদের ভালোবাসার জন্য কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতে আবারও মুম্বাইয়ে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
ঘটনাটি নিয়ে সমালোচনার মুখে শনিবার রাতেই বিবৃতি প্রকাশ করে বলিউড মিউজিক প্রজেক্ট (বিএমপি) কর্তৃপক্ষ। এতে শিল্পা রাওয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার পরিবেশনা আকস্মিকভাবে শেষ হয়ে যাওয়ার জন্য দুঃখ প্রকাশ করা হয়।
বিবৃতিতে আয়োজকেরা বলেন, শিল্পা রাওয়ের অসাধারণ অবদান, অনন্য শিল্পীসত্তা এবং সংগীতজগতে তার প্রভাবকে তারা গভীরভাবে সম্মান করেন। উৎসবে তাকে পেয়ে তারা সম্মানিত বোধ করেছেন বলেও উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিলম্বের কারণ ব্যাখ্যা করে আয়োজকেরা জানান, বড় পরিসরের সংগীত উৎসবে একাধিক শিল্পীর পরিবেশনা ও জটিল ব্যবস্থাপনার মধ্যে সময়সূচি সমন্বয় করা কঠিন হয়ে পড়ে। কঠোর পরিকল্পনা থাকা সত্ত্বেও আগের শিল্পীদের পরিবেশনা নির্ধারিত সময়ের চেয়ে দীর্ঘ হলে পরবর্তী পরিবেশনাগুলোতেও বিলম্ব তৈরি হতে পারে।
তাদের ভাষ্য অনুযায়ী, স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা ও অনুষ্ঠানস্থলের কারফিউ-সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলতে হয়। একের পর এক বিলম্বের কারণে শেষ পর্যন্ত শিল্পা রাওয়ের পরিবেশনা নির্ধারিত সময়ের আগেই শেষ করতে হয়। পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল দাবি করে আয়োজকেরা জানান, শিল্পার সম্পূর্ণ পরিবেশনা দর্শকদের সামনে তুলে ধরতে না পারায় তারা দুঃখিত।
বিবৃতির শেষাংশে শিল্পা রাও, তার দল এবং অনুষ্ঠানে উপস্থিত ভক্তদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চান আয়োজকেরা। তাদের মতে, শিল্পাকে সমর্থন জানাতে আসা দর্শকদের হতাশার বিষয়টি তারা উপলব্ধি করছেন। সরাসরি সংগীত উৎসব আয়োজনের নানা সীমাবদ্ধতার মধ্যে পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে দর্শকদের বোঝাপড়া ও সহযোগিতার জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
তবে আয়োজকদের ব্যাখ্যার পরও শিল্পার পরিবেশনা মাঝপথে বন্ধ হয়ে যাওয়ার ঘটনাটি উৎসবের অন্যতম আলোচিত বিষয়ে পরিণত হয়েছে। সংগীত উপভোগ করতে আসা দর্শকদের জন্য যে আয়োজন আনন্দের হওয়ার কথা ছিল, তা শেষ পর্যন্ত শিল্পার অসমাপ্ত পরিবেশনা এবং আয়োজকদের ক্ষমা প্রার্থনার ঘটনায় আলোচনায় উঠে আসে।
শনিবার মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড গার্ডেনসে অনুষ্ঠিত হয় বলিউড মিউজিক প্রজেক্ট। হিমেশ রেশমিয়ার প্রধান পরিবেশনায় সাজানো এই সংগীত সন্ধ্যায় শিল্পা রাও ছাড়াও অংশ নেন হরিহরণ, ইউফোরিয়া, অনু মালিক ও শহিদ মালিয়াসহ আরও কয়েকজন পরিচিত শিল্পী। তবে উৎসবের সেই আয়োজন ছাপিয়ে আলোচনার কেন্দ্রে উঠে আসে শিল্পা রাওয়ের পরিবেশনা মাঝপথে বন্ধ হয়ে যাওয়ার ঘটনা। হিন্দুস্তান টাইমস
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
