বাবা সাদেক হোসেন খোকার পরিচয়ে ইশরাক হোসেন রাজনীতিতে এসেছেন এবং তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা কম—এমন মন্তব্য করেছেন বিএনপির সহসম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি। গেন্ডারিয়ায় অস্ত্র হাতে ইশরাকের মাদকবিরোধী অভিযানকেও তিনি ‘খামখেয়ালি’ ও অভিজ্ঞতাহীন পদক্ষেপ বলে আখ্যা দিয়েছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে এসব কথা বলেন নিলোফার চৌধুরী মনি।
গেন্ডারিয়ায় সাম্প্রতিক মাদকবিরোধী অভিযান প্রসঙ্গে তিনি বলেন, নিরাপত্তার জন্য লাইসেন্স করা অস্ত্র সঙ্গে রাখা আইনত বৈধ হলেও একজন সংসদ সদস্য ও প্রতিমন্ত্রীর প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে এ ধরনের অভিযান চালানো সমীচীন নয়। সাধারণ মানুষকে ভীতসন্ত্রস্ত করা কোনো মন্ত্রীর কাজ হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
নিলোফার মনি বলেন, ইশরাক হোসেনের বয়স ও রাজনৈতিক অভিজ্ঞতা—দুটিই কম। তাঁর বাবা সাদেক হোসেন খোকার পরিচয়ে ‘পোষ্য কোটায়’ রাজনীতিতে আসার কারণে অভিজ্ঞতার ঘাটতি স্পষ্ট হয়েছে।
ইশরাক কোনো কুচক্রী মহল কিংবা পরামর্শদাতার প্ররোচনায় এমন ‘ফিল্মি স্টাইলের’ পদক্ষেপ নিয়েছেন কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি। নিলোফার মনির মতে, মাদকসেবীদের পেছনে অস্ত্র উঁচিয়ে সময় ব্যয় না করে মাদক কারবারের মূল হোতা ও সরবরাহকারী চক্রের বিরুদ্ধে সমন্বিত ব্যবস্থা নেওয়া উচিত ছিল।
সাম্প্রতিক সময়ে একের পর এক সংসদ সদস্য ও মন্ত্রীর পদত্যাগের ঘটনাকে ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতির উদাহরণ হিসেবে দেখছেন নিলোফার মনি। তাঁর মতে, বিএনপির এই সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে।
ইশরাককে ঘিরে রাজনৈতিক ষড়যন্ত্রের আশঙ্কাও প্রকাশ করেন বিএনপির এই নেত্রী। তিনি বলেন, ঢাকা শহরের রাজনীতিতে সাদেক হোসেন খোকার সন্তান হিসেবে ইশরাক পরিচিত ও গুরুত্বপূর্ণ নাম। তাঁর রাজনৈতিক লক্ষ্য ছিল মূলত সিটি করপোরেশনকেন্দ্রিক।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহানুভূতিশীল অবস্থানের সমালোচনা করে নিলোফার মনি দাবি করেন, বিএনপিকে রাজনৈতিকভাবে চাপে ফেলা এবং আগামী নির্বাচনে সুবিধা নেওয়ার উদ্দেশ্যে ইশরাককে উসকে দেওয়া হয়ে থাকতে পারে।
দেশে মাদক সমস্যার ব্যাপকতা তুলে ধরে তিনি বলেন, মাদক বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা। তৃণমূল থেকে শুরু করে দেশের বিভিন্ন পর্যায়ে মাদকের বিস্তার ঘটেছে। তবে প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা ও আমলার নেপথ্য সহযোগিতার কারণে সদিচ্ছা থাকা সত্ত্বেও এ সমস্যার স্থায়ী সমাধান কঠিন হয়ে পড়ছে।
এমএ
