দিনের বড় সময়জুড়ে বিভিন্ন সংবাদ সংগ্রহ করেন মাল্টিমিডিয়ার সাংবাদিকরা। কখনো কখনো বিভিন্ন শারীরিক জটিলতায়ও পড়তে হচ্ছে এসব সাংবাদিকদের। তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতেই এবার উদ্যোগ নিয়েছে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (এমআরএ)। এ লক্ষ্যে বেসরকারি প্রতিষ্ঠান অরোরা স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে এমআরএ।
এ চুক্তির আওতায় অ্যাসোসিয়েশনের সব সদস্য, সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা অরোরা স্পেশালাইজড হাসপাতালে বিভিন্ন চিকিৎসাসেবা, পরীক্ষা-নিরীক্ষা ও অন্যান্য স্বাস্থ্যসেবায় বিশেষ ছাড় ও সুবিধা পাবেন।
শনিবার (১৭ অক্টোবর) বিকাল ৪টায় রাজধানীর কাকরাইলে অবস্থিত অরোরা স্পেশালাইজড হাসপাতালের বোর্ডরুমে এ চুক্তি স্বাক্ষর হয়।
মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (এমআরএ) পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রহমত উল্লাহ, অর্থ সম্পাদক অন্তু মুজাহিদ ও ভারপ্রাপ্ত প্রচার সম্পাদক নাজমুল হক।
অন্যদিকে, অনুষ্ঠানে অরোরা স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি জেনারেল ম্যানেজার মো. গোলাম রাকিব, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. জাহিদুল ইসলাম, অপারেশন ম্যানেজার মো. মাইন উদ্দিন আকাশ, মার্কেটিং ইনচার্জ মো. মিরাজুল ইসলাম মিরাজ এবং করপোরেট মার্কেটিং এক্সিকিউটিভ মো. আব্দুল্লাহ আল মামুন ও মেহেদি হাসান হিমেল।
অনুষ্ঠানে অরোরা স্পেশালাইজড হাসপাতালের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. গোলাম রাকিব বলেন, ‘অরোরা স্পেশালাইজড হাসপাতাল অভিজ্ঞ ও খ্যাতিমান বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে পরিচালিত একটি আধুনিক বিশেষায়িত হাসপাতাল। ১৫০ শয্যাবিশিষ্ট ১৯ তলা ভবনে পরিচালিত এ হাসপাতালে ISO সনদপ্রাপ্ত উন্নত ডায়াগনস্টিক ও ল্যাবরেটরি সুবিধার পাশাপাশি রয়েছে 3 Tesla MRI, CT Scan, ICU, CCU, NICU, PICU এবং ডায়ালাইসিসসহ বিভিন্ন বিশেষায়িত চিকিৎসাসেবা। আমরা মানসম্মত চিকিৎসাসেবা সাধারণ মানুষের কাছে সহজলভ্য করে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।’
এমআরএর সভাপতি ফখরুল ইসলাম বলেন, ‘পেশাগত কারণে সাংবাদিকরা স্বাস্থ্য নিয়ে অনেক অসচেতন। দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় নিজের শরীরের প্রতিও যত্ন নিতে সময় পান না। তাই এমআরএ মাল্টিমিডিয়া সাংবাদিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অরোরা হাসপাতালের সঙ্গে এই সমঝোতা করেছে।’
উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে যে, এ করপোরেট চুক্তির মাধ্যমে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সদস্য ও সংশ্লিষ্টদের জন্য মানসম্মত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা প্রাপ্তির সুযোগ আরও সম্প্রসারিত হবে। পাশাপাশি ভবিষ্যতে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন কর্মসূচি আয়োজন এবং পারস্পরিক সহযোগিতা জোরদারে এ চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
