জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ছবি: X
Published on
:
2 min read
জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে ‘ফ্রি কাশ্মীর’, ‘ফ্রি শারজিল ইমাম’ স্লোগান লেখা নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে। তার ২৪ ঘণ্টার মধ্যেই শনিবার দিল্লির জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ‘ফ্রি উমর খালিদ’, ‘লং লিভ নকশালবাড়ি’ লেখা গ্রাফিতির খোঁজ মিলল। ঘটনাকে কেন্দ্র করে বামপন্থী ছাত্র সংগঠনগুলির বিরুদ্ধে ক্যাম্পাসের পরিবেশ নষ্টের অভিযোগে সরব হয়েছে ABVP। বিষয়টা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুরে স্কুল অফ সোশ্যাল সায়েন্সের দেওয়ালে ‘ফ্রি উমর খালিদ’, ‘লং লিভ নকশালবাড়ি’ লেখা গ্রাফিতি দেখা যায়। পড়ুয়াদেরই প্রথমে নজরে আসে বিষয়টা। সঙ্গে সঙ্গে হইচই শুরু হয়ে যায়। ভিডি সাভারকরের ছবির উপরেও আপত্তিকর স্লোগান লেখার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। তাদের অভিযোগ, ‘বামপন্থী ছাত্র সংগঠনগুলি ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ নষ্টের চেষ্টা করছে।’
বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে রাজনৈতিক স্লোগান লেখার তীব্র বিরোধিতা করেছেন জেএনইউয়ের এবিভিপি সভাপতি ময়াঙ্ক পাঞ্চাল। দোষীদের শাস্তির দাবি জানিয়ে তিনি বলেন, ‘মতপ্রকাশের স্বাধীনতার নামে জাতীয় ব্যক্তিত্বদের অসম্মান করা যায় না।’ ঘটনার নেপথ্যে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সদস্যদের হাত রয়েছে বলেও দাবি তাঁর। সংগঠনের শাখা সম্পাদক প্রবীণ পীযূষের বক্তব্য, ‘বিশ্ববিদ্যালয় কোনও একটি নির্দিষ্ট মতাদর্শের নয়। ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ বজায় রাখা জরুরি।’
দেওয়াল লিখনের বিষয়টা সামনে আসতেই বিষয়টা নিয়ে খোঁজখবর শুরু করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কারা এই কাজ করেছেন খতিয়ে দেখা হচ্ছে। ক্যাম্পাসের শান্তি বিঘ্নিত করার চেষ্টা বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের এক কর্তা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রের খবর, এই ধরনের দেওয়াল লিখন কোনও ভাবেই মেনে নেওয়া হবে না।
কে এই উমর খালিদ? নকশালবাড়ি কী?
উমর খালিদ জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। ২০২০-এর সেপ্টেম্বর থেকে জেলবন্দি তিনি। দিল্লিতে সিএএ বিরোধী আন্দোলন আচমকাই হিংসাত্মক রূপ নিয়েছিল। তার পিছনে উমরের হাত রয়েছে বলে অভিযোগ। ৬ বছর আগের সেই হিংসায় রাজধানীতে ৫৩ জনের মৃত্যু হয়। তবে উমরের দীর্ঘদিনের বন্দিদশা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। অন্য দিকে, নকশালবাড়ি হলো শিলিগুড়ির একটি গ্রাম। এখান থেকেই উগ্রবামপন্থী সশস্ত্র আন্দোলনের সূত্রপাত হয়েছিল বলে মনে করেন ঐতিহাসিকদের একাংশ।
