শ্রীনগরে জাল টাকা ও ছাপানোর সরঞ্জামসহ মো. শ্রাবণ হোসেন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার রাত পৌনে ১০টার দিকে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মান্দ্রা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন
এ সময় শ্রাবণের কাছ থেকে ১টি ল্যাপটপ, ১টি কালার প্রিন্টার ২ লাখ টাকার ২০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। শ্রাবণ মান্দ্রা গ্রামের মজিবর রহমানের ছেলে। সোমবার দুপুরে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।
ডিবি পুলিশ জানায়, জেলা ডিবি পুলিশের এসআই মোহাম্মদ কামরুল হাসান (পিপিএম) সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে ভাগ্যকুলের মান্দ্রা এলাকার একতলা ভবনের একটি কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করে।
ডিবি পুলিশ আরো জানায়, এ সময় তার কাছ থেকে নকল ২ লাখ টাকা ও টাকা ছাপানোর বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। শ্রাবণ আগে থেকেই নির্দিষ্ট কিছু টাকার বিনিময়ে নকল টাকা বানিয়ে ঢাকায় পৌঁছে দিতেন।
এমই
