টেকনাফে মানবপাচারের শিকার দুই কিশোর উদ্ধার, গ্রেপ্তার ২
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:২৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
কক্সবাজারের টেকনাফে মানবপাচারের শিকার দুই রোহিঙ্গা কিশোরকে উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ ঘটনায় মানবপাচারে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টার দিকে টেকনাফের উনচিপ্রাংয়ের ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এপিবিএন চেকপোস্টে তাঁদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুতুপালংয়ের ৭ নম্বর ক্যাম্পের মোহাম্মদ ইউসুফ (৪৩) ও উনচিপ্রাংয়ের ২২ নম্বর ক্যাম্পের মোহাম্মদ ইউনুস (৩১)। উদ্ধার হওয়া দুই কিশোরের নাম সৈয়দুল আমিন ও মফিজুর রহমান। তাদের দুজনের বয়স ১৪ বছর। তারা উখিয়ার বালুখালীর ৮ নম্বর (ই) রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
এপিবিএন সূত্রে জানা যায়, গত ৬ অক্টোবর মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে দুই কিশোরকে নৌকায় করে মিয়ানমারে নিয়ে যায় মানবপাচারকারী চক্রের সদস্যরা। পরে তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ হিসেবে ৯৫ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে।
বৃহস্পতিবার মিয়ানমার থেকে নাফ নদী পার হয়ে দুই কিশোরকে উনচিপ্রাং চেকপোস্ট দিয়ে নিয়ে আসার সময় সন্দেহ হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করা হয়। পরে দুই কিশোরকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬-এর ৬, ৭ ও ২২ ধারায় টেকনাফ মডেল থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের পাশাপাশি উদ্ধার হওয়া কিশোর ও তাদের পরিবারের সদস্যদের পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য থানায় পাঠানো হয়েছে।
