বিদায়ী বার্তায় শ্রীলঙ্কান ব্যাটিং গ্রেট বলেন, মুম্বাই ইন্ডিয়ান্স সবসময় তার হৃদয়ে বিশেষ জায়গা নিয়ে থাকবে।
Published : 17 Oct 2026, 04:05 PM
Updated : 17 Oct 2026, 04:05 PM
আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে সম্পর্কের ইতি টেনেছেন মাহেলা জায়াওয়ার্দেনে। দলটির প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন শ্রীলঙ্কার এই ব্যাটিং গ্রেট।
৪৯ বছর বয়সি জায়াওয়ার্দেনের দায়িত্ব ছাড়ার কথা শনিবার নিশ্চিত করেছে মুম্বাই ইন্ডিয়ান্স।
২০২৫ সালের আইপিএলের আগে দলটিতে দ্বিতীয় মেয়াদে মার্ক বাউচারের স্থলাভিষিক্ত হন জায়াওয়ার্দেনে। তার কোচিংয়ে ২০২৫ আসরে প্লে-অফ খেলে মুম্বাই। কিন্তু সবশেষ আসরে নবম হয় তারা।
এর আগে ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত মুম্বাইয়ের প্রধান কোচ ছিলেন জায়াওয়ার্দেনে। ওই সময়ে তিনবার আইপিএল শিরোপা জেতে দলটি; ২০১৯ ও ২০২০ সালে টানা দুইবার।
মুম্বাই পঞ্চম ও শেষ আইপিএল ট্রফি ঘরে তোলে জায়াওয়ার্দেনের কোচিংয়ে, ২০২০ সালে।
বিদায়ী বার্তায় জায়াওয়ার্দেনে বলেন, মুম্বাই ইন্ডিয়ান্স সবসময় তার হৃদয়ে বিশেষ জায়গা নিয়ে থাকবে।
“এক দশকের বেশি সময় ধরে আমার পথচলার বিশেষ একটি অংশ মুম্বাই ইন্ডিয়ান্স। দলের খেলোয়াড়, কোচিং স্টাফ, ‘ওয়ান ফ্যামিলির’ অসাধারণ সহায়তা এবং সর্বোপরি সমর্থকদের নিয়ে এমন অভিজ্ঞতা হয়েছে যা আমি চিরকাল হৃদয়ে সযত্নে ধারণ করব। একসঙ্গে আমরা অনেক অবিস্মরণীয় মুহূর্ত ভাগাভাগি করেছি, চ্যালেঞ্জ মোকাবিলা করেছি এবং এমন কিছু গড়ে তুলেছি, যা নিয়ে সবাই গর্ব করতে পারি।
“বছরের পর বছর ধরে আমার ওপর অবিচল আস্থা রাখা, সমর্থন করা এবং বন্ধুত্বের জন্য নিতা আম্বানি ও আকাশ আম্বানিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। একসঙ্গে আমরা যা অর্জন করেছি, তা নিয়ে আমি অনেক গর্বিত। এমআই সবসময়ই আমার হৃদয়ে বিশেষ জায়গা নিয়ে থাকবে। আগামী বছরগুলোতে দলটির সাফল্য কামনা করছি।”
ক্রিকইনফোর খবর, ২০২৬ আসরের পারফরম্যান্স পর্যালোচনায় গত আগস্টে মুম্বাইয়ের কোচিং স্টাফে পরিবর্তন আনার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। তখন খেলোয়াড়দের নেতৃত্বস্থানীয় অংশ ও ফ্র্যাঞ্চাইজ—উভয়ই একমত হয় যে পরিবর্তনের প্রয়োজন। নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসতে তরুণ কোচ নিয়োগের ভাবনার সঙ্গে নাকি একমত ছিলেন জায়াওয়ার্দেনেও।
দ্বিতীয় দফায় মুম্বাইয়ের প্রধান কোচের দায়িত্ব নেওয়ার আগে, ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত এমআইয়ের বৈশ্বিক পারফরম্যান্স প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন জায়াওয়ার্দেনে। ওই পদে থাকাকালে সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিতে এমআই এমিরেটস, যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে এমআই নিউ ইয়র্ক এবং দক্ষিণ আফ্রিকার এসএ টোয়েন্টিতে এমআই কেপ টাউনের কার্যক্রমও তদারকি করতেন তিনি।
আইপিএলে ধরে রাখা খেলোয়াড়দের তালিকা জমা দেওয়ার সময়সীমা আগামী ১৫ নভেম্বর পর্যন্ত। হাতে এক মাসেরও কম সময় থাকায় দ্রুত নতুন প্রধান কোচ খুঁজতে হবে মুম্বাই ইন্ডিয়ান্সকে। আগামী ডিসেম্বরে গোয়ায় হওয়ার কথা রয়েছে আইপিএলের নিলাম।
