ভোলার বোরহানউদ্দিনে রেইন্ট্রি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পর্শে রহিম (৪০) ও রাকিব (৩০) নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কালিরহাট চৌকিদারকান্দি এলাকার আইয়ুব আলীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজনই পার্শ্ববর্তী শম্ভুপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রহিম ও রাকিব শম্ভুপুর থেকে কালিরহাট চৌকিদারকান্দির আইয়ুব আলীর বাড়িতে রেইন্ট্রি গাছ কাটার কাজ করতে যান। দুপুরে গাছ কাটার সময় অসাবধানতাবশত কাছে থাকা পল্লী বিদ্যুতের তারের সংস্পর্শে এলে দুজনই বিদ্যুৎস্পর্শ হন। উপস্থিত লোকজন ও স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোরহানউদ্দিন থানার ওসি জানান, বিদ্যুৎস্পর্শ হয়ে দুজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান।