অলরাউন্ড নৈপুণ্যে দারুণ কীর্তি গড়লেন আরাফাত মিনহাস, ঘুরে দাঁড়িয়ে অসাধারণ এক জয় পেল পাকিস্তান।
Published : 20 Oct 2026, 09:52 PM
Updated : 20 Oct 2026, 09:57 PM
৯১ রানের উদ্বোধনী জুটি। ৩০৩ রানের লক্ষ্য তাড়ায় ইংল্যান্ড তখন বেশ শক্ত অবস্থানে। কিন্তু শুরুর জুটি ভাঙার পর ছন্দ হারিয়ে ফেলল তারা, একপর্যায়ে তো হুড়মুড় করে ভেঙে পড়ল ব্যাটিং। ঘুরে দাঁড়িয়ে অসাধারণ এক জয় পেল পাকিস্তান।
ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের জয় ৮৭ রানে।
রাওয়ালপিন্ডিতে মঙ্গলবার ৪ উইকেটে ৮১ রানের বিপর্যয় সামলে ৫০ ওভারে পাকিস্তান তোলে ৩০২ রান।
জবাবে বিনা উইকেটে ৯১ থেকে ২১৫ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। শেষ ৫ উইকেট হারায় তারা ১৮ রানের মধ্যে।
অলরাউন্ড নৈপুণ্যে পাকিস্তানের জয়ের নায়ক আরাফাত মিনহাস। সাত নম্বরে নেমে ক্যারিয়ারের প্রথম ফিফটিতে ৯ চারে ৫৮ বলে ৫৯ রান করেন তিনি। পরে ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৪০ রানে ৬ উইকেট শিকার করেন ২১ বছর বয়সি বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার।
পাকিস্তানের প্রথম বাঁহাতি স্পিনার ও তৃতীয় ক্রিকেটার হিসেবে এই সংস্করণে একই ম্যাচে পঞ্চাশ ছোঁয়া ইনিংস ও পাঁচ উইকেটের কীর্তি গড়লেন তিনি।
দেশটির সাবেক লেগ স্পিনিং অলরাউন্ডার শাহিদ আফ্রিদি তিনবার ও পেস বোলিং অলরাউন্ডার আব্দুল রাজ্জাক একবার পান এই স্বাদ।
গোটা বিশ্বে বাঁহাতি স্পিনারদের মধ্যে মিনহাসের আগে সবশেষ এই ‘ডাবল’ ছুঁয়েছিলেন সাকিব আল হাসান, ২০১৯ বিশ্বকাপে সাউথ্যাম্পটনে আফগানিস্তানের বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন বাংলাদেশের অলরাউন্ডার।
পাঁচ ওয়ানডের ক্যারিয়ারে দ্বিতীয়বার পাঁচ উইকেট পেলেন মিনহাস। রাওয়ালপিন্ডিতেই গত মে মাসে অভিষেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩২ রানে ৫ উইকেট নিয়ে ইতিহাস গড়েন তিনি। ওয়ানডে অভিষেকে পাঁচ উইকেট শিকারি প্রথম স্পিনার তিনিই।
পাকিস্তানের এই জয়ে উল্লেখযোগ্য অবদান আছে হাসান নাওয়াজেরও। বিপর্যয়ের মুখে ব্যাটিংয়ে নেমে পাঁচ চার ও চার ছক্কায় দলের সর্বোচ্চ এবং ক্যারিয়ার সেরা ৭৯ বলে ৭৪ রানের ইনিংস খেলেন তিনি।
(বিস্তারিত আসছে)
