Published on
:
1 min read
এই সময়, লাটাগুড়ি: থিমের দৌড়ে নয়, সাবেকিয়ানায় ভরসা রাখল লাটাগুড়ির নেতাজি সঙ্ঘ। এ বার তাদের মণ্ডপ তৈরি হয়েছে মায়াপুরের ইস্কনের আদলে। থার্মোকল, কাঠ, বোর্ড, প্লাই দিয়ে নিখুঁত কারুকাজে ইসকন মন্দির ফুটিয়ে তুলেছেন ক্রান্তির শিল্পী অরুণ রায়। সাবেক ডাকের সাজে মা দুর্গা। প্রতিমা গড়েছেন লাটাগুড়িরই কারিগর তপন রায়। ৮২ বছরের এই পুজোর সুনাম ডুয়ার্স জুড়ে।
লাটাগুড়িতে বিগ বাজেটের পুজো অনেক হলেও, স্থানীয়দের পাশাপাশি দূর থেকে আসা পর্যটকদের ভিড় জমে এই পুজোতেই। তাঁরা অঞ্জলিও দেন এখানে। পুজো কমিটির সম্পাদক দেবাশিস চন্দ্র বলেন, 'সবাই যখন আধুনিক থিমের পথে হাঁটছে, আমরা ইচ্ছে করেই মায়াপুরের ইসকন মন্দিরকে বেছে নিয়েছি। মণ্ডপে দেবীর আগমনেন নানা মুহূর্ত রঙের মেলবন্ধনে ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। সঙ্গে থাকছে সাবেক ডাকের সাজের প্রতিমা। আশা করি দর্শকদের ভালো লাগবে। 'সহ-সম্পাদক অর্পিতা ঘোষ বলেন, 'লাটাগুড়ির বড় পুজোগুলির মধ্যে নেতাজি সঙ্ঘ অন্যতম। পুজোর পাশাপাশি চার দিনই থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় এবং বাইরের শিল্পীরা অংশ নেবেন। গোরুমারা ও লাটাগুড়িতে বেড়াতে আসা পর্যটকরাও তাতে সামিল হন। ' আয়োজনে কোনও খামতি রাখছে না কমিটি।
কমিটির সদস্য জগবন্ধু সেন, কুন্তল দত্ত, সৌমেন গোপ বলেন, 'কাল অষ্টমীর দিন সর্বসাধারণের জন্য মহাভোগের আয়োজন থাকছে। পর্যটকদের জন্য অঞ্জলির বিশেষ ব্যবস্থাও থাকছে প্রতিবারের মতো। আতিথেয়তায় কোনও ত্রুটি রাখা হবে না। ' বাজেট প্রায় সাত লাখ টাকা।
