বাউল সম্রাট লালন শাহের তিরোধান দিবস উপলক্ষে পিরোজপুরে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) জেলা প্রশাসন, পিরোজপুরের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে সরকারি নির্দেশনা অনুযায়ী আয়োজিত কর্মসূচিতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাহমুদুর রহমান মামুন, অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখারুল ইসলাম শামীম এবং পিরোজপুর জেলা বিএনপির সদস্যসচিব এস এম সাইদুল ইসলাম কিসমতসহ অন্য অতিথিরা।
আলোচনা সভার শুরুতে বাউল সম্রাট লালন শাহের জীবন ও কর্মের ওপর একটি পাওয়ারপয়েন্ট উপস্থাপনা করা হয়। পরে অতিথিরা তার জীবন, দর্শন ও সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা করেন।
বক্তারা লালন শাহের অসাম্প্রদায়িক চেতনা, মানবতাবাদী দর্শন এবং জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে সব মানুষের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধাবোধের আদর্শ তুলে ধরেন। তারা বলেন, লালনের দর্শন মানুষে মানুষে ভেদাভেদ দূর করে সাম্য, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অনুপ্রেরণা জোগায়।
আলোচনা সভা থেকে লালন শাহের মানবতাবাদী দর্শন ও সাম্য-সম্প্রীতির চেতনা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ধারণ করার আহ্বান জানানো হয়। পাশাপাশি তার কালজয়ী দর্শন ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিআলো/আমিনা