উত্তরা ফাইন্যান্সের পাঁচ সম্পত্তির বাজারমূল্য নির্ধারণের উদ্যোগ
দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের পাঁচটি সম্পত্তির বর্তমান বাজারমূল্য নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, গত ৩১ আগস্ট পর্যন্ত কোম্পানিটির পাঁচটি সম্পত্তির হিসাবভিত্তিক মূল্য ছিল ২০ কোটি ১৭ লাখ ৬৬ হাজার ১৪৭ টাকা। সম্পত্তিগুলো কেনার পর থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এগুলোর মূল্যায়ন করা হয়নি।
এবার বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত যোগ্য ও স্বনামধন্য মূল্যনির্ধারণকারী প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পত্তিগুলোর বর্তমান বাজারমূল্য নির্ধারণ করা হবে। মূল্যায়ন প্রতিবেদন পাওয়ার পর প্রযোজ্য বিধিবিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে কোম্পানিটি। পাশাপাশি, নিয়ন্ত্রক সংস্থা ও শেয়ারবাজার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তথ্য প্রকাশের বাধ্যবাধকতা থাকলে তা-ও পালন করা হবে।


