দেশজুড়ে এখন উৎসবের আমেজ। দুর্গাপুজো হোক কিংবা নবরাত্রি সারা বছর এই দিনগুলোর অপেক্ষাতেই থাকেন আপামর দেশবাসী। সামনেই আসছে আলোর উৎসব। দুর্গাপুজো শেষ হতে না হতেই চলে আসবে কালীপুজো। উৎসবের মরশুমে চারিদিকে এখন সাজো সাজো রব। তাই পুজোর এই বিশেষ দিন গুলোতে শুধুই নিজেদের সাজগোজ নয়, সেই সাথে বাড়িঘর পরিষ্কার করতে করতেই হাঁপিয়ে উঠছেন অনেকেই।
উৎসবের দিনে অনেকের বাড়িতেই অতিথি সমাগম হয়। তাছাড়া নিজেদের পাশাপাশি, যখন বাড়ির প্রতিটি জায়গা পরিপাটি করে সাজানো হয় তখন দেখতেও সুন্দর লাগে। আরাম হয় চোখে। তাই পুজো প্রস্তুতির শেষ মুহূর্তের তুমুল ব্যস্ততার সাথেই এখন জোরকদমে চলছে ঘর-বাড়ি ঝাড়া মোছার কাজ। জানলে অবাক হবেন বাড়িঘর পরিষ্কার করার কাজে একেবারে ম্যাজিকের মত কাজ করে কমলালেবুর খোসা আর ভিনিগারের মিশ্রণে তৈরি একেবারে ঘরোয়া ক্লিনার।
উপকরণ:
বেশ কয়েকটি কমলালেবুর খোসা, ঘরে থাকা সাদা ভিনিগার, পরিষ্কার কাচের বোতল এবং জল।
পদ্ধতি:
প্রথমে কমলা লেবুর খোসাগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এবার একটি পরিষ্কার কাপড় দিয়ে মুছে শুকিয়ে নিতে হবে। এরপর লেবুর খোসাগুলো কাচের বোতলে অর্ধেক থেকে দুই তৃতীয়াংশ পর্যন্ত ভরে নিতে হবে। সমস্ত খোসাগুলো যাতে ভালোমতো ডুবে থাকে তার জন্য পরিমাণ মতো ভিনেগার মিশিয়ে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে লেবুর খোসার কোন অংশ যাতে উপরে ভেসে না ওঠে।
বোতলের মুখ টাইট করে বন্ধ করে ঠান্ডা এবং ছায়াযুক্ত স্থানে রেখে দিতে হবে। একটানা দু সপ্তাহ এইভাবে রাখা হলে কমলালেবুর খোসার মিষ্টি গন্ধ ভিনেগারের সাথে মিশে যাবে। তবে এই দুই সপ্তাহে মাঝেমধ্যেই কাঁচর বোতলটি ঝাঁকিয়ে নিতে হবে।
দু’সপ্তাহ পর পরিষ্কার কাপড় দিয়ে কিংবা একটি ছাঁকনির সাহায্যে ওই তরলটি ছেঁকে নিতে হবে। এরপর ওই মিশ্রণের সাথে সমান পরিমাণে জল মিশিয়ে কমলালেবুর এই ঘরোয়া ক্লিনারটি একটি স্প্রে বোতলে ঢেলে নিতে হবে।
বাড়ির কোথায় কোথায় ব্যবহার করা যায়?
রান্নাঘরের টাইলসের উপর হামেশাই তেল মশলার আস্তরণ পড়ে যায়। তাই রান্না ঘরের টাইলসের পাশাপাশি স্টিলের সিঙ্ক, গ্যাস ওভেন, দেওয়ালে কিংবা এমন যে কোন জায়গা যেখানে তেলচিটে ভাব কিংবা হালকা ময়লা জমে আছে সেখানে এই ঘরোয়া ক্লিনার ব্যবহার করা যেতে পারে।
https://youtu.be/TTaC77AoBTQ?si=y3h620nCZ6eRekyo
ক্লিনার স্প্রে করার পর দু মিনিট অপেক্ষা করুন। তারপর ভেজা কাপড় কিংবা স্পঞ্জ দিয়ে সমস্ত ময়লা পরিষ্কার করে নিন। এতে ময়লা দূর হওয়ার পাশাপাশি কমলালেবুর একটা মিষ্টি গন্ধ থেকে যায়।
যদিও সব জায়গায় এই ক্লিনার ব্যবহার করা যায় না। তাই মার্বেল, গ্রানাইট, পালিশ না করা কাঠ কিংবা ইলেকট্রনিক যন্ত্রের ওপর এই ক্লিনার ব্যবহার না করাই ভালো।
