মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে লক্ষ্য করে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, দেশটিতে এখন আর কোনো নেতা অবশিষ্ট নেই, যার ফলে আলোচনার জন্য কাউকে খুঁজে পেতে তার বেগ পেতে হচ্ছে। শনিবার রাতে এক জনসভায় তিনি এ কথা বলেছেন। খবর আনাদুলুর।
ট্রাম্প বলেছেন, “তাদের কোনো বিমান নেই, জাহাজ নেই, নেতা নেই—কিছুই নেই... তাদের প্রথম সারির নেতা নেই... দ্বিতীয় সারির নেতাও নেই... আমাকে থামতে হচ্ছে, কারণ আমাকে খুঁজে বের করতে হবে যে আমরা আসলে কার সঙ্গে আলোচনা করছি।”
তার এই মন্তব্যের ভিডিওটি ভাইরাল হয়েছে।
যুদ্ধের প্রথম কয়েক সপ্তাহে, বিমান হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বেশ কয়েকজন শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতাকে হত্যা করেছে—যাদের মধ্যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিও রয়েছেন। নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিও গুরুতর আহত হয়েছেন। তিনি বিভিন্ন সময়ে বিবৃতি দিয়ে যাচ্ছেন, তবে এখনো জনসমক্ষে আসেননি।
গত নয় মাস ধরে মাঝেমধ্যে লড়াইয়ে লিপ্ত থাকা দেশ দুটি সাময়িকভাবে হামলা বন্ধ রেখেছে। তবে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর এই হামলা আবারো শুরু হতে পারে।
তিনি একটি তৃতীয় বিমানবাহী রণতরী গোষ্ঠী এবং ১০ হাজার নাবিক ও মেরিন সেনাকেও পাঠিয়েছেন। ট্রাম্পের আক্রমণাত্মক অবস্থানের মাঝে ইরানও একটি সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি রবিবার বলেছেন, যুদ্ধ পুনরায় শুরু হলেও তার দেশের অবস্থানে কোনো পরিবর্তন আসবে না।
তিনি বলেছেন, “সম্প্রতি নতুন যুদ্ধের বিষয়ে আলোচনা শোনা যাচ্ছে, তবে আমি বরং যুদ্ধ-পরবর্তী সময়ের কথা ভাবছি। যুদ্ধ হোক বা না হোক, আমাদের নীতি অপরিবর্তিতই থাকবে।”
