মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগের ঘোষণা দেওয়া ইশরাক হোসেন আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।সে লক্ষ্যে ওয়ার্ডে ওয়ার্ডে কাজ শুরু করবেন বলে জানিয়েছেন তিনি। রোববার (১৮ অক্টোবর) রাতে একজন প্রবাসী সাংবাদিকের সঙ্গে অডিও কলে আলাপকালে তিনি এ কথা জানান।
এ সময় সাম্প্রতিক অভিযানে অস্ত্র প্রদর্শনের ঘটনায় নিজের অবস্থান ব্যাখ্যা করেন ইশরাক হোসেন। তিনি বলেন, আমি তো কারও জমি দখল করতে যাইনি, কারও কাছ থেকে চাঁদা নিতে যাইনি। তো সমস্যা কোথায়?
সাংবাদিক নাজমুস সাকিবের প্রশ্নে সেদিনের ঘটনা সম্পর্কে ইশরাক বলেন, তারা সেখানে অবস্থান করার সময় ছাদ থেকে দুটি গুলি ছোড়া হয়। এছাড়া আমরা প্রবেশ করার সময় একসঙ্গে ২৫ থেকে ৩০ জন বেরিয়ে আসেন। ওই সময় আমার নিরাপত্তাকর্মীরা চিৎকার-চেঁচামেচি করছিলেন। তাই আমি মনে করেছিলাম, কেউ অস্ত্র বের করছে। এ কারণে আমি কোমর থেকে পিস্তল বের করি।
প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের বিষয়ে ইশরাক বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেই আমি এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। ঢাকায় দল তাকে কাজ করার সুযোগ দেবে উল্লেখ করে তিনি বলেন, জাতীয় পর্যায়ে যেন তার কারণে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি না হয়, সেটি বিবেচনায় রেখেছেন।
ঢাকার নগর ব্যবস্থাপনা নিয়ে প্রতিমন্ত্রী বলেন, নগরীর কাঠামো কেন্দ্রীয়ভাবে পরিচালিত নয়। ঢাকা সিটি করপোরেশনে আটটি মন্ত্রণালয়ের অধীনে ৪০টির বেশি প্রতিষ্ঠান কাজ করে। নগরীর বিভিন্ন সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
তিনি বলেন, ঢাকার সমস্যা নিয়ে তিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন। রাজধানীকে ঘিরে প্রধানমন্ত্রীরও কিছু পরিকল্পনা রয়েছে। সেসব পরিকল্পনা বাস্তবায়নে দক্ষিণ সিটির প্রতিটি ওয়ার্ডে কাজ শুরু করব।
প্রসঙ্গত, শনিবার গেন্ডারিয়া থানার ৪৫ নম্বর ওয়ার্ডের রেললাইনের পাশের একটি মাঠের কোনায় পলিথিনের ছাউনির ঘরে শনিবার মাদকবিরোধী অভিযান চালান ইশরাক হোসেন ও তার সহযোগীরা। পরে তীব্র সমালোচনা শুরু হয় । কিন্তু ঘটনাটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর রোববার মন্ত্রিসভার বৈঠকের পর প্রধানমন্ত্রী তাকে ডেকে পদত্যাগের নির্দেশনা দেন।
