চলতি ২০২৬ শিক্ষাবর্ষের প্রাথমিক বৃত্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ ও সময়সূচি ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২০ ডিসেম্বর থেকে শুরু হয়ে চার দিনব্যাপী এই পরীক্ষা চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ কামরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার এই সূচি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত দিনগুলোতে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত সময়ের সাথে অতিরিক্ত ৩০ মিনিট বরাদ্দ থাকবে।
ঘোষিত সময়সূচি অনুযায়ী— ২০ ডিসেম্বর বাংলা, ২১ ডিসেম্বর ইংরেজি, ২২ ডিসেম্বর প্রাথমিক গণিত এবং ২৩ ডিসেম্বর বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় স্টিয়ারিং কমিটির সভার সিদ্ধান্ত এবং অনুমোদনক্রমেই এই বৃত্তি পরীক্ষার চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
