আসন্ন মার্কিন মধ্যবর্তী নির্বাচনকে (৩ নভেম্বর) কেন্দ্র করে যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার) ইরান, রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্কিত ১৩ হাজারেরও বেশি ভুয়া অ্যাকাউন্ট স্থগিত করেছে। যুক্তরাষ্ট্রের রাজনীতি নিয়ে বিভ্রান্তি ছড়ানো এবং জনমত প্রভাবিত করার চেষ্টার অভিযোগে এসব অ্যাকাউন্টের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
এক্সের গ্লোবাল গভর্নমেন্ট অ্যাফেয়ার্স দলের প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর আলজাজিরার।
বিবৃতিতে জানানো হয়, ইরান, রাশিয়া ও চীন ভিত্তিক তিনটি সন্দেহভাজন বিদেশি প্রভাব বিস্তারকারী নেটওয়ার্ক শনাক্তের পর মোট ১৩ হাজারেরও বেশি অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। এসব ভুয়া অ্যাকাউন্ট ও নেটওয়ার্ক ব্যবহার করে মার্কিন নির্বাচনের প্রার্থী ও প্রখ্যাত রাজনৈতিক ব্যক্তিদের লক্ষ্য করে বিভিন্ন রাজনৈতিক কনটেন্ট প্রকাশ এবং সেগুলোর বিভ্রান্তিকর প্রচার চালানো হচ্ছিল।
এক্স কর্তৃপক্ষ জানিয়েছে, আমাদের প্ল্যাটফর্মের সততা ও বিশ্বাসযোগ্যতা বিনষ্ট করে এমন কোনো সমন্বিত ভুয়া তৎপরতা বা স্প্যাম নেটওয়ার্ক সহ্য করা হবে না। তা শনাক্ত ও বন্ধ করতে আমরা সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছি।
তবে মোট স্থগিত করা অ্যাকাউন্টগুলোর মধ্যে ঠিক কতটি সরাসরি ইরানের সঙ্গে সম্পর্কিত, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সংখ্যা বা বিশদ বিবরণ প্রকাশ করেনি এক্স। প্ল্যাটফর্মটি জোর দিয়ে জানিয়েছে, অবাধ ও সুষ্ঠু রাজনৈতিক আলোচনার পরিবেশ বজায় রাখতেই এই আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে।
