আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় দলে সুযোগ পেতে হলে আরও কিছুটা অপেক্ষা করতে হবে বৈভব সূর্যবংশীকে। গৌতম গম্ভীরের সুরে সুর মেলান শ্রেয়স আইয়ার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের দলে থাকলেও একটি ম্যাচেও মাঠে নামার সুযোগ পাননি তরুণ ওপেনার। তবে তাঁকে নিয়ে তাড়াহুড়ো করতে নারাজ টিম ইন্ডিয়া। ভারতীয় টি-২০ দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ধারাবাহিকতা বজায় রাখলে ভবিষ্যতে সুযোগ অবশ্যই আসবে। সিরিজের পঞ্চম ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ার পর বৈভবকে নিয়ে প্রশ্নের মুখে পড়েন শ্রেয়স। উত্তরে তিনি বলেন, 'বর্তমানে দলের হয়ে দু'জন দুর্দান্ত ওপেনার খেলছেন। তাই বৈভবকে ধৈর্য ধরতে হবে। নিজের প্রস্তুতি এবং প্রক্রিয়ার ওপর ভরসা রাখতে হবে। সুযোগ একদিন আসবেই। সেই সময়ের জন্য তরুণ ক্রিকেটারকে তৈরি থাকতে হবে।'
শ্রেয়সের এই মন্তব্য অনেকটাই প্রতিধ্বনিত করে ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীরের আগের বক্তব্যকে। আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজ চলাকালীন গম্ভীরও বলেছিলেন, বৈভবের প্রতিভা নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু দীর্ঘ সময় ধরে ভাল পারফরম্যান্স করা ক্রিকেটারদেরই আগে সুযোগ দেওয়া হয়। তাঁর মতে, ক্রিকেটে ১৫ বছরের হোক বা ৩০ বছরের, প্রত্যেককেই কখনও না কখনও নিজের সুযোগের জন্য অপেক্ষা করতে হয়। যদিও এশিয়ান গেমসে বৈভব সুযোগ পেয়েছিলেন। ওপেনার হিসেবে দুই ম্যাচে ৫৩ রান করেছিলেন। দুই ম্যাচে তাঁর স্ট্রাইক রেট ছিল ১৭৬-এরও বেশি। তবুও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তাঁকে পুরো সময় বেঞ্চেই বসে থাকতে হয়েছে।
এদিকে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের টি-২০ সিরিজ ২-২ ড্রয়ে শেষ হয়েছে। সিরিজ শেষে শ্রেয়স জানান, দ্বিতীয় এবং চতুর্থ ম্যাচে ভারতীয় বোলিং আরও ভাল হলে ফল অন্যরকম হতে পারত। এখন নজর নিউজিল্যান্ড সফরে। ২২ অক্টোবর থেকে শুরু হবে ভারতের পরবর্তী টি-২০ অভিযান।
