চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি সাদা রঙের প্রাইভেট কারও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তাররা হলো- নারায়ণগঞ্জের সোনাডাঙ্গা থানার যাদীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নন্দীপুর এলাকার রফিজের বাড়ির রফিজ উদ্দিন ভূঁইয়ার ছেলে রবিউল হাসান ভূঁইয়া (২৫) ও রাউজান থানার ৭ নম্বর ওয়ার্ডের সুলতানপুর মাঝির ঘাটা এলাকার জালালী মুন্সীর বাড়ির মৃত মহিউদ্দিনের ছেলে আদনান উদ্দিন (২৮)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ অক্টোবর রাত ৯টার দিকে ভুক্তভোগী মো. জামাল উদ্দিন জেকুকে (২৭) ফোন করে বায়েজিদ বোস্তামী থানার ৭ নম্বর ওয়ার্ডের রৌফাবাদ বাগদাদ হোটেলের সামনের সড়কে ডেকে নেওয়া হয়। সেখানে অভিযুক্ত আসামিসহ অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজন একটি সাদা রঙের প্রাইভেট কারে করে আসেন। এ সময় তারা ভুক্তভোগীর মোটরসাইকেলটি নিয়ে যাওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। তখন অভিযুক্তরা তাঁকে মারধর ও হত্যার হুমকি দিয়ে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগীর এজাহারের ভিত্তিতে বায়েজিদ বোস্তামী থানায় গত ২১ অক্টোবর একটি মামলা দায়ের করা হয়। পরে পুলিশের একটি দল গত ২৩ অক্টোবর রাত ১টার দিকে পাঁচলাইশ থানার মোমিনবাগ ৪ নম্বর রোডের নাহার ভবনের নিচতলায় অভিযান চালিয়ে রবি উল হাসান ভূঁইয়া ও আদনান উদ্দিনকে গ্রেপ্তার করে।
এ সময় তাঁদের হেফাজত থেকে ভুক্তভোগীর ছিনতাই হওয়া একটি সুজুকি জিক্সার এফআই ডিস্ক মোটরসাইকেল উদ্ধার করা হয়। পাশাপাশি ছিনতাইয়ের কাজে ব্যবহৃত সাদা রঙের একটি প্রাইভেট কার জব্দ করা হয়, যার রেজিস্ট্রেশন নম্বর চট্ট মেট্রো-ব-১২-১৫৮০।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, শুক্রবার দিবাগত রাত সোয়া একটার দিকে পাঁচলাইশ থানার মমিনবাগ এলাকার নাহার ভবনের নিচতলা থেকে রবিউল হাসান ভূঁইয়া ও আদনান উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মামলার ঘটনায় জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।
The post বায়েজিদে মারধর করে মোটরসাইকেল ছিনতাই, চক্রের ২ সদস্য পুলিশের জালে appeared first on বাংলাধারা.
