নির্বাচনী সমাবেশে আবারও আন্তর্জাতিক সংঘাত থামানোর কৃতিত্ব দাবি করে ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আটটি বড় যুদ্ধ ও বিরোধের নিষ্পত্তিতে ভূমিকা রাখার পরও নোবেল শান্তি পুরস্কার না পাওয়া নিয়ে আক্ষেপ জানান তিনি।
শুক্রবার (২৩ অক্টোবর) ফ্লোরিডায় আয়োজিত এক নির্বাচনী সমাবেশে ট্রাম্প দাবি করেন, ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা দেখা দিলে তিনি দুই দেশকে বাণিজ্য বন্ধ এবং ২৫০ শতাংশ চড়া শুল্ক আরোপের হুমকি দিয়ে যুদ্ধ থামতে বাধ্য করেছিলেন। মার্কিন প্রেসিডেন্টের ভাষায়, চরম শুল্কের হুঁশিয়ারিতে দুই পারমাণবিক শক্তিধর দেশ গোলাগুলি বন্ধ করে পিছু হটে।
ট্রাম্প উল্লেখ করেন, আন্তর্জাতিক এসব বিরোধ নিষ্পত্তিতে তিনি জাতিসংঘের কোনো সহায়তা নেননি এবং কোনো কূটনৈতিক কলও করেননি। নিজের কূটনৈতিক সক্ষমতার কথা উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনী মাঠে নামার আগে তাঁর ধারণাই ছিল না এতগুলো সংঘাত চলছে।
বিশ্বশান্তি রক্ষায় এতগুলো যুদ্ধ থামানোর পর নোবেল কমিটির নজর এড়িয়ে যাওয়া প্রসঙ্গে আক্ষেপ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, একাধিক রক্তক্ষয়ী ও জটিল যুদ্ধ থামানোর মতো বড় কাজ করলেও তাঁকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়নি।
জেএইচআর
