মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী। তবে অন্তঃসত্ত্বা হওয়ার খবর এখনও জানাননি তিনি। টলিপাড়ার অন্দরের খবর, মা হচ্ছেন ডিম্পল আচার্য। ফ্যাশন ফটোগ্রাফার তথাগত ঘোষের সঙ্গে ২০২৫ সালে গাঁটছড়া বাঁধেন তিনি। বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই মা হচ্ছেন তিনি।
ডিম্পলকে দর্শক দেখেছেন কৌশিক গাঙ্গুলির পরিচালনায় 'অর্ধাঙ্গিনী ২'-এ। তাঁকে দেখা গিয়েছিল অভিনেতা অম্বরীশ ভট্টাচার্যের বিপরীতে। ছবির গল্পে অম্বরীশের স্ত্রীর চরিত্রে নজর কেড়েছিলেন ডিম্পল। বিয়ে হয়ে আসার পর থেকেই সে দেখছিল বাড়ির মধ্যে অশান্তি চলছে। আর তাই নিজেকে গুটিয়ে রাখছিল তাঁর চরিত্রটি। নতুন বউয়ের চরিত্রে অম্বরীশের পাশে বেশ মানিয়েছিল তাঁকে।

পরিচালক কৌশিক গাঙ্গুলি সমাজমাধ্যমে অম্বরীশ ও ডিম্পলের বিয়ের ছবি পোস্ট করে লিখেছেন, 'এক বছর আগে, ঠিক আজকের দিনে, সামান্য কিছু পরিচিতের উদ্যোগে, চুপচাপ ভবানীপুরের একটি বাড়িতে এই বিয়েটা হয়েছিলো। এর মূল হোতা যে আমি সেটা মেনে নিতে হচ্ছেই। পাত্র তো সবার প্রিয় ও পরিচিত; পাত্রী এয়ারহোস্টেস। ওদের পারিবারিক কিছু সমস্যা এসে যায় তাই এতোদিন আপনাদের খবরটা জানানো হয়নি। এবার সেই বিয়ের ভিডিও ওদের সম্মতি নিয়েই আমরা প্রকাশ করবো ১০ই জুলাই। দম্পতিকে আশীর্বাদ করবেন। ধন্যবাদ।' (পোস্টের সমস্ত বানান অপরিবর্তিত রাখা হয়েছে।)
https://www.youtube.com/watch?v=TTaC77AoBTQ
প্রসঙ্গত, আগামী বছরেই ডিম্পলের কোলজুড়ে আসছে নতুন অতিথি। এবার অপেক্ষা, কবে নিজের এই নতুন অধ্যায়ের কথা প্রকাশ্যে আনেন অভিনেত্রী।
