প্রকাশিত: ১৯:৩৩, ১৮ অক্টোবর ২০২৬ আপডেট: ১৯:৩৩, ১৮ অক্টোবর ২০২৬
নাহিদা আক্তার।
বাংলাদেশ নারী ক্রিকেট দলের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। আগামী এক বছরের জন্য তাঁকে এই দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সম্প্রতি নেতৃত্ব থেকে সরে দাঁড়ানো নিগার সুলতানা জ্যোতির স্থলাভিষিক্ত হলেন ২৬ বছর বয়সী এই স্পিনার। একই সঙ্গে দলের সহ-অধিনায়ক করা হয়েছে ব্যাটার সোবহানা মোস্তারিকে।
রোববার (১৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
বাংলাদেশ নারী দলের অন্যতম অভিজ্ঞ বোলার নাহিদা। ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত ১১৩টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। শিকার করেছেন ১৩২টি উইকেট। বাংলাদেশের হয়ে নারী টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারি নাহিদা। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর বোলারদের মধ্যে উইকেটসংখ্যায় তাঁর অবস্থান পঞ্চম।
অন্যদিকে, ২৪ বছর বয়সী সোবহানা মোস্তারি বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন। ২০১৯ সালে আন্তর্জাতিক অভিষেকের পর এখন পর্যন্ত ৭২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। এই সংস্করণে এক হাজার রানের মাইলফলকও ছুঁয়েছেন সোবহানা। বাংলাদেশের নারী ক্রিকেটারদের মধ্যে এই কৃতিত্ব অর্জন করা তৃতীয় ব্যাটার তিনি। তাঁর আগে এই মাইলফলক স্পর্শ করেছেন নিগার সুলতানা জ্যোতি ও ফারজানা হক।
নতুন নেতৃত্বে বাংলাদেশের পরবর্তী টি-টোয়েন্টি চ্যালেঞ্জ আইসিসি উইমেন্স ইমার্জিং নেশনস ট্রফি ২০২৬। আগামী ১২ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে টুর্নামেন্টটি। এই আসর দিয়েই নতুন অধিনায়ক নাহিদার নেতৃত্বে মাঠে নামতে পারে বাংলাদেশ নারী দল।
