সংবাদসংস্থা মুম্বই: আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...।
মা হলেন পাক-অভিনেত্রী মওরা
মা হয়েছেন পাকিস্তানি অভিনেত্রী মওরা হোসেন। স্বামী আমির গিলানির সঙ্গে সমাজমাধ্যম একটি আবেগঘন যৌথ ভিডিও বার্তার মাধ্যমে তাঁরা এই সুখবরটি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। জানা যাচ্ছে, অভিনেত্রী পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। নাম রেখেছেন, সৈয়দ আজমের হোসেন কমল গিলানি। মওরা ও আমিরের এই পোস্টে তাঁদের জুটি ও নবজাতককে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।
'কবীর সিং' হতে চান হুমা!
সম্প্রতি মুম্বইয়ে অনুষ্ঠিত ইন্ডিয়ান ফিল্ম প্রজেক্ট বা আইএফপি-র ১৬তম সংস্করণে (IFP 2026) বেশ খোলামেলা মেজাজে ধরা দেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। সেখানে পছন্দের চরিত্র বাছাই নিয়ে কথা বলতে গিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেন তিনি। হুমা স্পষ্ট জানান যে, গতানুগতিক বা সরল চরিত্রের চেয়ে তিনি সাহসী এবং শক্তিশালী চরিত্রে অভিনয় করতে বেশি পছন্দ করেন। এই প্রসঙ্গে তাঁর সাফ কথা, "আমি প্রীতি হতে চাই না, কবীর সিং হতে চাই।"
https://www.youtube.com/watch?v=ixVZIaFsQVc
করণের জন্য মানসিক চাপে ছিলেন জাহ্নবী?
'কফি উইথ করণ'-এর নবম সিজনে নতুন পর্ব ঘিরে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। সম্প্রতি এই শো-এর একটি প্রোমো প্রকাশ্যে এসেছে, যেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুণ ধওয়ান এবং জাহ্নবী কাপুর। ওই পর্বে বরুণ ফাঁস করেন যে, একটা সময় করণ জোহর তাঁদের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন। এই বিষয়ে করণ স্বীকার করেন যে, তিনি বরুণ এবং জাহ্নবীর আচরণে বেশ আঘাত পেয়েছিলেন। এরপরই মজার ছলে অভিনেত্রী জাহ্নবী কাপুর জানান, করণ জোহর কথা বলা বন্ধ করে দেওয়ায় তিনি এতটাই মানসিক চাপে ছিলেন যে তাঁর ওজন বেড়ে গিয়েছিল। জাহ্নবীর এই মন্তব্যের পরই বরুণ করণ জোহরকে 'ড্রাম্যাটিক' বলে কটাক্ষ করেন।
