শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজধানীর আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক মো. নয়ন হোসেনের সাংগঠনিক পদ স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
শনিবার (২৪ অক্টোবর) ছাত্রদলের দফতর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা মহানগর পশ্চিম শাখার অধীন আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক মো. নয়ন হোসেনের সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।
এ সিদ্ধান্তে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির অনুমোদন দিয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সম্প্রতি নয়ন হোসেনের বিরুদ্ধে রাজধানীর আদাবর এলাকায় সিটি করপোরেশনের পয়ঃনিষ্কাশন ও ড্রেনেজ উন্নয়নকাজে বাধা দেওয়া এবং ভবন মালিকদের কাছে চাঁদা দাবির অভিযোগ ওঠে। এ ঘটনায় গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) চাঁদাবাজির মামলায় তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
