দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম-সংশ্লিষ্ট সন্দেহভাজন ও পরীক্ষায় নিশ্চিত মৃত্যুর সম্মিলিত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২০১ জনে। একই সময়ে নতুন করে হামের উপসর্গে আক্রান্ত ১ হাজার ৩০৭ জনকে সন্দেহভাজন রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টার পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত হাম-সংশ্লিষ্ট সন্দেহভাজন মৃত্যুর সংখ্যা ১ হাজার ৯৭। আর পরীক্ষাগারে নিশ্চিত হওয়া মৃত্যুর সংখ্যা ১০৪।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ১৫৭-তে। অন্যদিকে, সন্দেহভাজন রোগীর মোট সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ১৪ হাজার ৫৫১।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম-সদৃশ উপসর্গ নিয়ে সারা দেশে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৯০ হাজার ৬৬৩ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৪২ জন।
