দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় দুই সন্তানকে হত্যার পর এক মায়ের আত্মহত্যার ঘটনা ঘটেছে। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৬টার পর উপজেলার অমরপুর ইউনিয়নের মোস্তফাপুর বালুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলেন ওই গ্রামের শাকিল হোসেনের স্ত্রী স্বর্ণা আখতার (২৩), ছেলে সাফায়েত হোসেন (৪) ও মেয়ে রাইসা আখতার (১)।
স্থানীয় সূত্রে জানা গেছে, শাকিল হোসেন (২৭) মাদকাসক্ত হওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। রোববার সন্ধ্যায় পরিবারের সদস্যরা বাজারে গেলে বাড়িতে থাকা স্বর্ণা আখতার তাঁর দুই সন্তানকে হত্যা করেন। পরে তিনি নিজেও আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উন-নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, তিনি ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন। ঘটনার প্রকৃত কারণ জানার পর বিস্তারিত জানানো হবে।
