Published on
:
2 min read
এই সময়, কলকাতা ও নয়াদিল্লি: দিল্লি থেকে হঠাৎ এলো জরুরি বার্তা। তাই মঙ্গলবার বিকেলে কলকাতায় একাধিক দুর্গাপুজোর উদ্বোধন কর্মসূচি স্থগিত রেখে দিল্লি উড়ে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর ঝটিতি রাজধানী সফরের কারণ ব্যাখ্যা করে সংবাদমাধ্যমে মুখ্যমন্ত্রী বলেন, ‘দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর তরফে ব্রিকসের একটি ডিনার মিটিং আছে। বিকেলে যাব। রাতেই ফিরে আসব।’ শুভেন্দু অবশ্য তাঁর দিল্লি যাত্রার কারণ নিয়ে এর থেকে বেশি কিছু বলতে চাননি। তাৎপর্যপূর্ণ হলো, মুখমন্ত্রীর ঝটিতি দিল্লি সফরের দিনই নিশ্চিত হয়েছে সপ্তমীতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বঙ্গ–সফর।
মহালয়ার পর থেকেই রাজ্যজুড়ে পুজোর আমেজ। প্রশাসনিক কাজের ফাঁকেও সময় বের করে মুখ্যমন্ত্রীকে ছুটতে হচ্ছে বিভিন্ন পুজো উদ্বোধনে। সোমবারও অনেক রাত পর্যন্ত তিনি ১৫টি পুজো উদ্বোধন করেছিলেন। মঙ্গলবার সন্ধেয় কলকাতায় একাধিক পুজো উদ্বোধন করার কথা ছিল মুখ্যমন্ত্রীর। এ দিন রানাঘাট, কল্যাণী ও বনগাঁয় বেশ কিছু দুর্গাপুজোর উদ্বোধন সেরে বিকেল সাড়ে তিনটে নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। সেখানে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করে মঙ্গলবার রাতেই কলকাতায় ফেরার কথা তাঁর।
দিল্লিতে রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আগামীতে রদবদলের সম্ভাবনা রয়েছে। এ দিনই কেন্দ্রীয় তথ্য–সম্প্রচার এবং সংসদীয় বিষয়ক প্রতিমন্ত্রী এল মুরুগান কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে তামিলনাড়ুতে বিজেপির সংগঠন জোরদার করার কথা জানিয়েছেন। রাজ্যসভার সাংসদ পদও ছেড়েছেন তিনি। মন্ত্রিসভায় বাংলা থেকেও কেউ কেউ জায়গা পেতে পারে বলে বেশ কয়েক মাস ধরে গুঞ্জন রয়েছে। এই আবহে শুভেন্দুর ঝটিতি সফরকে আরও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে।
এ দিকে, বিজেপি বাংলায় ক্ষমতায় আসার পরে প্রথম দুর্গাপুজো। তাই সপ্তমীতে অমিত শাহের বঙ্গ–সফর নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। বেলুড় মঠ ঘুরে কলকাতায় কয়েকটি পুজোমণ্ডপেও যাওয়ার কথা রয়েছে শাহের। শোভাবাজার রাজবাড়িতেও যাওয়ার কর্মসূচি রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর। এ বার দুর্গাপুজোয় সপ্তমী দু’দিন— ১৭ এবং ১৮ অক্টোবর। প্রথম সপ্তমীতে সন্ধের পরে আমেদাবাদ থেকে কলকাতার বিমানে উঠবেন শাহ।
রাত ৮টা নাগাদ নামবেন কলকাতা বিমানবন্দরে। সেখান থেকে তিনি সোজা চলে যাবেন আলিপুরের ‘সৌজন্য’ অতিথিশালায়। সেখানেই রাত্রিবাস করার কথা তাঁর। ১৮ অক্টোবর দিনভর বিভিন্ন মণ্ডপে শাহের যাওয়ার কর্মসূচি আছে। বিজেপি সূত্রের খবর, ১৮ অক্টোবর সকালে ‘সৌজন্য’ থেকে শাহ সোজা চলে যাবেন বেলুড় মঠে। বেশ কিছুটা সময় সেখানে থাকবেন তিনি। এখনও পর্যন্ত আসা কর্মসূচি অনুযায়ী, বেলুড় থেকে বেরিয়ে শাহ যাবেন বালির দেশবন্ধু ক্লাবে।
ওই ক্লাবের পুজোমণ্ডপ ঘুরে ফিরে যাবেন অতিথিশালায়। পরে সেখান থেকে যাবেন চেতলায়। সেখানকার ২৪ পল্লির পুজোমণ্ডপ ঘুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যাবেন শোভাবাজার রাজবাড়িতে। সেখানে কিছুটা সময় কাটাবেন। পুজো ও আরতি দেখবেন। তার পরে শাহ যাবেন শ্রীভূমিতে। ওই পুজোমণ্ডপ ঘুরে বিমানবন্দর পৌঁছবেন শাহ। ওই দিনই দিল্লি ফিরে যাওয়ার কথা তাঁর। ১৭ অক্টোবর রাতে কলকাতায় রাজ্য বিজেপির কোর কমিটির সঙ্গে শাহের বৈঠক হওয়ার সম্ভাবনা আছে বলেও জানা গিয়েছে।