যুক্তরাষ্ট্রে অনুমোদিত সময়ের বেশি অবস্থান করলে ভবিষ্যতে দেশটিতে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞাসহ ফৌজদারি মামলার মুখোমুখি হওয়ার ঝুঁকি রয়েছে। শনিবার (১৭ অক্টোবর) এক বার্তায় এ বিষয়ে সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস।
দূতাবাসের বার্তায় বলা হয়েছে, ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর নির্ধারিত সময়সীমা মেনে চলা বাধ্যতামূলক। অনুমোদিত সময়ের বেশি অবস্থান করলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা এবং আইনগত জটিলতার মুখে পড়তে হতে পারে।
এতে আরও জানানো হয়, মার্কিন কনস্যুলার কর্মকর্তারা ভিসা আবেদনকারীদের অতীতের অভিবাসন-সংক্রান্ত তথ্য যাচাই করতে পারেন। আগে কখনো অভিবাসন আইন বা নিয়ম লঙ্ঘন করা হলে সেই তথ্যও তাঁদের নজরে আসবে।
দূতাবাস স্পষ্ট করেছে, অভিবাসন আইন লঙ্ঘনের ক্ষেত্রে ‘অনিচ্ছাকৃত ভুল’ বলে দায় এড়ানোর সুযোগ নেই।
তবে অনুমোদিত সময়ের বেশি অবস্থান করলেই সবার ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে স্থায়ী নিষেধাজ্ঞা বা ফৌজদারি মামলা হয় না। আইন লঙ্ঘনের ধরন ও পরিস্থিতি অনুযায়ী পরিণতি নির্ধারিত হয়।
