মোংলা বন্দরের সুবিধা সম্প্রসারণ ও আধুনিকায়নে বাংলাদেশকে ৩৩৫.৭৮ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেবে চীনের এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক (এক্সিম ব্যাংক)। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩ হাজার ৫৯৩ কোটি টাকা। এ অর্থ দিয়ে বন্দরে আধুনিক যন্ত্রপাতিসহ দুটি কনটেইনার টার্মিনাল, কনটেইনার ইয়ার্ড, কনটেইনার ডেলিভারি ইয়ার্ড ও কার্গো হ্যান্ডলিং ইয়ার্ড নির্মাণ করা হবে।
গত ১০ অক্টোবর বাংলাদেশ সরকার ও চীনের এক্সিম ব্যাংকের মধ্যে এ বিষয়ে ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। সোমবার (১২ অক্টোবর) অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। চুক্তি অনুযায়ী, প্রকল্পটির জন্য চীন ২ দশমিক ৪০৪ বিলিয়ন চীনা ইউয়ান (আরএমবি) ঋণ দেবে। ঋণের সুদের হার ২ শতাংশ। পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ ২০ বছরে এ ঋণ পরিশোধ করতে হবে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতায় মোংলা বন্দর কর্তৃপক্ষের নেওয়া ‘মোংলা বন্দরের সুবিধাদি সম্প্রসারণ ও আধুনিকায়ন’ প্রকল্প বাস্তবায়নে এ ঋণ ব্যবহার করা হবে। ঋণ চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্মসচিব আলিয়া মেহের এবং চীনের এক্সিম ব্যাংকের পক্ষে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ফেংজুন তিয়ান স্বাক্ষর করেন। প্রকল্পের আওতায় আধুনিক যন্ত্রপাতিসহ দুটি কনটেইনার টার্মিনাল নির্মাণের পাশাপাশি কনটেইনার ইয়ার্ড, কনটেইনার ডেলিভারি ইয়ার্ড ও কার্গো হ্যান্ডলিং ইয়ার্ড গড়ে তোলা হবে। এর মাধ্যমে মোংলা বন্দরের অবকাঠামো ও পণ্য ওঠানো-নামানোর সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
সংশ্লিষ্টদের মতে, বন্দরের অবকাঠামো ও পণ্য পরিচালনার সুবিধা আধুনিক করা গেলে আমদানি-রপ্তানি কার্যক্রমে সক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরি হবে। তবে প্রকল্পের বাস্তব সুফল নির্ভর করবে নির্ধারিত সময়ে নির্মাণ কাজ শেষ করা, ব্যয় নিয়ন্ত্রণ, আধুনিক যন্ত্রপাতির কার্যকর ব্যবহার এবং বন্দরের সামগ্রিক পরিচালন সক্ষমতা বাড়ানোর ওপর।
বিআলো/অর্নব