কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, চোর ও ছিনতাইকারী চক্রের সদস্যদের গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালনা করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। গতকাল এই ধারাবাহিক অভিযানে চোর, ছিনতাইকারী, মাদক সেবনকারী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, শহর ও আশপাশের এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ছিনতাই প্রতিরোধে পুলিশ সুপারের নির্দেশনায় এই বিশেষ অভিযান চালানো হয়।
অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে ১ জন মাদক সেবনকারী, ১৯ জন বিভিন্ন অপরাধী -যার মধ্যে ১২ জন কিশোর গ্যাং সদস্য ও দুর্ধর্ষ ছিনতাইকারী/চোর- এবং ১ জন পরোয়ানাভুক্ত পলাতক আসামি রয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ১৯ জন আমলযোগ্য অপরাধীর মধ্যে জ্যেষ্ঠ অপরাধী ৯ নম্বর আসামি মো. রফিকের বিরুদ্ধে আগের মাদক মামলা এবং ১০ নম্বর আসামি মো. ফয়সালের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পূর্বের মামলা রয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, অপরাধ দমন ও অপরাধীদের নিয়ন্ত্রণে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
