ফুসফুসের একটি ছোট টিস্যু-পিণ্ড অপসারণের অস্ত্রোপচারের জন্য মঙ্গলবার রোমের হাসপাতালে ভর্তি হওয়ার কথা রয়েছে পোপ চতুর্দশ লিও’র । বিশেষজ্ঞদের মতে, এ ধরণের অস্ত্রোপচারে সাধারণত ঝুঁকি কম থাকে।
ভ্যাটিকানের মুখপাত্র মাত্তেও ব্রুনি এএফপিকে জানান, ৭১ বছর বয়সী পোপ মঙ্গলবার বেলা বাড়ার দিকে জেমেলি হাসপাতালে যাবেন। ভ্যাটিকান সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ক্যাথলিক চার্চের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার হাসপাতালে ভর্তি হতে যাচ্ছেন পোপ। ২০২৫ সালের ৮ মে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।
রোববার অ্যাঞ্জেলাসের প্রার্থনা শেষে আকস্মিক ঘোষণায় পোপ সেন্ট পিটার্স স্কয়ারে সমবেত ধর্মপ্রাণ মানুষের উদ্দেশে বলেন, সাম্প্রতিক স্বাস্থ্য পরীক্ষার সময় চিকিৎসকেরা তাঁর ফুসফুসে নডিউলটি শনাক্ত করেছেন। এটি একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে।
অ্যাপোস্টলিক প্রাসাদের একটি জানালা থেকে জনতার উদ্দেশে তিনি বলেন, ‘চিকিৎসকেরা মনে করেন, অস্ত্রোপচার করা উচিত। তাই তাদের পরামর্শ মেনে আমি এটি অপসারণের সিদ্ধান্ত নিয়েছি।’
ভ্যাটিকান জানায়, অস্ত্রোপচারের পর পোপের সুস্থ হতে প্রায় এক সপ্তাহ লাগতে পারে। আগামী ২০ অক্টোবর পর্যন্ত তাঁর সব দর্শন-অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
জেমেলি হাসপাতালের ওপরের তলার একটি বিশেষ কক্ষে থাকবেন পোপ। সেখানে একটি ছোট প্রার্থনাকক্ষ, রান্নাঘর ও চিকিৎসাকর্মীদের জন্য বৈঠককক্ষ রয়েছে।
এমএমটি
