Published : 17 Oct 2026, 06:07 PM
Updated : 17 Oct 2026, 06:07 PM
ইয়েমেনের তায়িজ প্রদেশের রাজধানী ও দেশটির তৃতীয় বৃহত্তম শহর তায়িজকে ঘিরে ইরান সমর্থিত হুতিদের সঙ্গে সৌদি আরব সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে তীব্র লড়াই চলছে। এরমধ্যে হুতিরা কিছুটা সাফল্য পেয়েছে।
তারা তায়িজের পাশ্র্বর্তী পর্বত জেবেল সাবারের দিকে যাওয়ার পথে কৌশলগভাবে গুরুত্বপূর্ণ কয়েকটি জেলা দখল করে নিয়েছে। এতে হুতিরা উঁচু অবস্থান থেকে রাস্তাগুলো ও সেগুলো দিয়ে আগমণরত সামরিক যানবাহনের ওপর নজর রাখতে পারবে।
শনিবার আল জাজিরা জানিয়েছে, জেবেল সাবার হুতিদের হস্তগত হলে শহরটিতে সরাসরি উপস্থিত থাকার প্রয়োজন ছাড়াই তারা তায়িজ দখল করার জন্য একটি কৌশলগত সামরিক সুবিধা পাবে।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, দুপক্ষের মধ্যে লড়াইটি মূলত শহরটির দক্ষিণপশ্চিমাংশে হচ্ছে, সেখানে সরকারি বাহিনীগুলো ভূখণ্ড পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে। তারা সৌদি আরবের বিমান হামলার সমর্থনও পাচ্ছে। সৌদি যুদ্ধবিমানগুলো তায়িজের দক্ষিণপশ্চিমাঞ্চলে হুতিদের অবস্থানগুলোতে বোমাবর্ষণ করেছে।
জাতিসংঘ জানিয়েছে, তায়িজের মানবিক পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। অবনতিশীল পরিস্থিতির কারণে শহরটিতে খাদ্য ও ওষুধ সরবরাহ বন্ধ হয়ে আছে। জাতিসংঘ সতর্ক করে বলেছে, শহরটিতে খুব অল্প পরিমাণ আটা ও গম অবশিষ্ট আছে, রান্নার গ্যাস পাওয়া কঠিন হয়ে দাঁড়ানোয় জ্বালানির দাম বৃদ্ধি পাচ্ছে।
খবর অনুযায়ী, হুতিরা তায়িজে থাকা সরকারি বাহিনীকে শান্তিপূর্ণভাবে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে। কিন্তু তারপরও লড়াই অব্যাহত আছে।
যদি সরকারি বাহিনী তায়িজের নিয়ন্ত্রণ হারায় তবে তা তাদের জন্য একটি বড় ধরনের বিপর্যয় হবে, কারণ তায়িজকে দেশটির দক্ষিণাঞ্চলীয় সৌদিপন্থি সরকারের গুরুত্বপূর্ণ শক্তিকেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়।
