চারটি বড় শিরোপা জিতে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে নিজের নামটা আলাদাভাবে লিখেছেন লিওনেল স্কালোনি। সেই সাফল্যের রূপকারকে সহজে ছাড়তে রাজি নয় দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। বরং স্কালোনির সঙ্গে সম্পর্কটা আরও দীর্ঘ করতে চাইছে তারা। সবকিছু ঠিক থাকলে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার ডাগআউটে দেখা যেতে পারে এই কোচকে!
স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের আলোচনা ইতিবাচক পরিণতির দিকে এগোচ্ছে। আর্জেন্টাইন সংবাদমাধ্যম সুপারদেপোর ও টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, প্রাথমিকভাবে ২০২৮ সাল পর্যন্ত দুই বছরের চুক্তি করতে যাচ্ছে দুই পক্ষ। তবে চুক্তিতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর সুযোগ রাখা হতে পারে। সেটি কার্যকর হলে ২০২৮ সালের কোপা আমেরিকার পর ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব চালিয়ে যেতে পারবেন স্কালোনি।
চুক্তির আর্থিক শর্তসহ অন্যান্য বিষয়েও সমঝোতা হয়েছে বলে জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম। সাম্প্রতিক আন্তর্জাতিক বিরতিতে এএফএ সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে বৈঠক করেছেন স্কালোনি। এরপরই দায়িত্ব চালিয়ে যাওয়ার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেন তিনি। যদিও চুক্তি নবায়নের বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। আগামী কয়েক দিনের মধ্যে অথবা নভেম্বরে আন্তর্জাতিক বিরতির সময় বিষয়টি চূড়ান্ত হতে পারে।
নভেম্বরে আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচকে ঘিরে তাই বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। ১৩ নভেম্বর বুয়েনস আইরেসের লা বোম্বোনেরায় উরুগুয়ের মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়নরা। চার দিন পর ১৭ নভেম্বর কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ কোস্টারিকা। এই আন্তর্জাতিক বিরতিতেই চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চায় এএফএ।
স্কালোনিও অবশ্য নিজের ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন। সম্প্রতি বেনিনের বিপক্ষে লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এ প্রসঙ্গে কথা বলেন তিনি। তখন তার বক্তব্য ছিল, ‘সবকিছু ঠিকঠাক থাকলে আমি কোচ হিসেবে দায়িত্ব চালিয়ে যাব।’ যদিও সেই সময় নতুন কোনো খবর নেই বলেও জানিয়েছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ।
তবে স্কালোনিকে ধরে রাখার পাশাপাশি তার পুরো কোচিং স্টাফকেও একসঙ্গে রাখতে চায় এএফএ। কারণ, আর্জেন্টিনার সাম্প্রতিক সাফল্যের পেছনে শুধু প্রধান কোচ নন, তার সহকারীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষ করে সহকারী কোচ ওয়াল্টার স্যামুয়েলের ভবিষ্যৎ নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাকে দায়িত্ব চালিয়ে যেতে রাজি করানোর চেষ্টা করছেন স্কালোনি।
স্যামুয়েলের গুরুত্ব তুলে ধরে স্কালোনি বলেন, ‘এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে সে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার পাশাপাশি সে আমার বন্ধুও। আমি তার সর্বোচ্চ ভালো চাই। সে যদি কোনো সিদ্ধান্ত নিতে চায়, তাহলে তাকে সেই সুযোগ দেওয়া উচিত।’
সহকারীকে ধরে রাখার ইচ্ছা থাকলেও তার সিদ্ধান্তকে সম্মান জানাতে চান স্কালোনি। তবে স্যামুয়েল চলে গেলে সেটি যে দলের জন্য বড় ধাক্কা হবে, তা-ও গোপন করেননি তিনি। এ প্রসঙ্গে তার মন্তব্য, ‘তার জন্য দরজা খোলা আছে। সে যদি চলে যেতে চায়, তাহলে কোনো সমস্যা হবে না। তবে সে এখানে না থাকলে সেটি হবে বড় ক্ষতি। এরপর কী হয়, তা দেখা যাবে।’
২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার ব্যর্থতার পর হোর্হে সাম্পাওলি দায়িত্ব ছাড়লে ওই বছরের সেপ্টেম্বরে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পান স্কালোনি। শুরুতে তাকে নিয়ে সংশয় থাকলেও সময়ের সঙ্গে বদলে দেন আর্জেন্টিনার চেহারা। তার অধীনেই ২০২১ সালে কোপা আমেরিকা জিতে দীর্ঘ ২৮ বছরের শিরোপাখরা কাটায় আলবিসেলেস্তেরা। এরপর ২০২২ সালে ফিনালিসিমা ও কাতার বিশ্বকাপ এবং ২০২৪ সালে আবারও কোপা আমেরিকার শিরোপা জেতে দলটি।
একসময় যার নিয়োগ নিয়ে প্রশ্ন ছিল, সেই স্কালোনিই এখন আর্জেন্টিনার সাফল্যের অন্যতম প্রতীক। নতুন চুক্তি কার্যকর হলে ২০২৮ সালের কোপা আমেরিকার পর দেশটির কোচ হিসেবে তার মেয়াদ পূর্ণ হবে এক দশকে। আর চুক্তির বাড়তি দুই বছর কার্যকর হলে ২০৩০ বিশ্বকাপেও মেসিদের উত্তরসূরিদের ডাগআউটে দেখা যাবে তাকে। আর্জেন্টিনার সোনালি সময়ের স্থপতিকে নিয়ে আপাতত দীর্ঘমেয়াদি পরিকল্পনাই করছে এএফএ!
