তাহিরপুরে হাওর ও নদী রক্ষা আন্দোলনের দ্বিবার্ষিক সম্মেলনে উপস্থিত অতিথি ও সংগঠনের নেতারা।
সুনামগঞ্জের তাহিরপুরে হাওর ও নদী রক্ষা আন্দোলনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সারোয়ার হোসেনকে সভাপতি ও হাসান খানকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যের উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের সম্মেলনকক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক হাসান খানের সভাপতিত্বে এবং জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কমিটির সভাপতি মো. রাজু আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা কমিটির সহসভাপতি ওবায়দুল মুন্সী এবং উপজেলা কমিটির উপদেষ্টা আবুল হোসেন, এমদাদুল হক ও মাহবুব চৌধুরী।
সম্মেলনে বক্তারা হাওরাঞ্চলের সার্বিক উন্নয়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা বলেন, হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম, দুর্নীতি, ধীরগতি ও ঠিকাদারি সিন্ডিকেট প্রতিরোধ করতে হবে। একই সঙ্গে সরকারি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।
বক্তারা হাওরের প্রকৃতি, পরিবেশ, জীববৈচিত্র্য ও খনিজ সম্পদ রক্ষার পাশাপাশি নদ-নদী সংরক্ষণে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। সম্মেলনে বিভিন্ন ইউনিয়ন কমিটির প্রতিনিধি এবং পরিবেশসচেতন ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নবগঠিত কমিটিতে সহসভাপতি করা হয়েছে আবুল কালাম আজাদ, জিল্লুর রহমান, সাইফুল ইসলাম, রিপচান হাবিব, ফখরুল ইসলাম ও শাহীন আলমকে। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন অমিও হাসান। সাংগঠনিক সম্পাদক হয়েছেন জাহাঙ্গীর আলম ভূঁইয়া ও আল আমিন। অর্থ সম্পাদক রবিউল আউয়াল।
এ ছাড়া বাঁধবিষয়ক সম্পাদক হয়েছেন মনির হোসেন দূর্জয় ও আব্দুল জব্বার। দপ্তর সম্পাদক আব্দুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাবুল মিয়া, শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম এবং তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক রিপাত হাসান।
কমিটির অন্যান্য পদে রয়েছেন আইন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক শেখ তৌফিক হাসান, দুর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক আতিকুর রহমান, বন, পরিবেশ ও জলবায়ুবিষয়ক সম্পাদক আলাল উদ্দিন, নদী ও খনিজ সম্পদবিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম (বাদাঘাট), হাওর ও কৃষিবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম এবং মিডিয়া ও যোগাযোগবিষয়ক সম্পাদক রেজাউল করিম।
নির্বাহী সদস্য হয়েছেন নবী হোসেন, মোছাদ্দেক হোসেন, টিপু সুলতান, ইকবাল হোসেন, নাঈম তালুকদার, সাবজল মিয়া, রাসেল আহমদ, আশরাফুল ইসলাম সাদ্দাম, সামছু আহমেদ ও সফিকুল ইসলাম।

