সিলেট ভয়েস ডেস্ক · ১১ অক্টোবর, ২০২৬ ৯:৪১ অপরাহ্ন
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময়সূচি নির্ধারণে আগামীকাল সোমবার সভায় বসছে নির্বাচন কমিশন (ইসি)। এদিন সকাল সাড়ে ১০টায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ইসির উপসচিব মো. শাহ্ আলম স্বাক্ষরিত চিঠিতে সভার এ তথ্য জানানো হয়। এতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সভায় উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।
সভায় স্থানীয় সরকার পরিষদের নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি নির্ধারণ এবং জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণের বিষয়ে আলোচনা হবে।
এ ছাড়া পার্সোনালাইজেশন সেন্টারে থাকা যন্ত্রপাতির অবস্থা ও রক্ষণাবেক্ষণ, কার্ড ছাপানো, বকেয়া বিল পরিশোধ এবং নতুন চুক্তি সম্পাদনসংক্রান্ত কমিটির কার্যবিবরণী পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সভায় জাতীয় নির্বাচন পদক নীতিমালা ২০২৫-এর খসড়া অনুমোদন এবং বিবিধ বিষয়ও আলোচ্যসূচিতে রয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছিলেন, সোমবারের কমিশন সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করা হবে।
তিনি বলেন, ‘আগামী সোমবার আমাদের কমিশন সভা রয়েছে। নির্বাচনটি কয় স্লটে হবে এবং কবে কবে হবে চূড়ান্ত দিনক্ষণ ঠিক করে তা ঘোষণা করবো।’
ইউপি নির্বাচনের তফসিল নির্বাচন কমিশন থেকে ঘোষণা করা হবে না বলেও জানান এই নির্বাচন কমিশনার। তিনি বলেন, ‘তফসিল ঘোষণা করবেন মাঠ পর্যায়ে জেলা নির্বাচন কর্মকর্তারা। কমিশন শুধু নির্বাচনের স্লটগুলো বলে দেবে। আমরা শুরুতে যা বলেছিলাম, আশা করি সেই সময়ের মধ্যেই সব স্লট শেষ হয়ে যাবে।’
গুগলে আমাদের খবর পেতে
